ইস্কাটনে রাস্তা আটকে দক্ষিণ কোরিয়াগামী তরুণদের অনশন
আবারও অনশন শুরু করেছে দক্ষিণ কোরিয়াগামী তরুণেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে প্রায় আড়াই শ তরুণ অনশন শুরু করেন। ফলে ওই এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সাজ্জাদ হোসেন, মামুনসহ আরও কয়েকজন তরুণ প্রথম আলোকে জানান, এর আগে গত সোমবারও তাঁরা একই স্থানে দিনব্যাপী অনশন করেন। কিন্তু কর্তৃপক্ষ বলেছিল, ৪৮ ঘণ্টা সময়সীমার মধ্যে তাঁদের সমস্যার সমাধান করা হবে। কিন্তু ওই সময় পেরিয়ে গেলেও তাঁদের সমস্যার সমাধান করা হয়নি। তাই তাঁরা বৃহস্পতিবার থেকে আবার অনশন শুরু করেছেন। অনশনকারী তরুণেরা জানান, ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ সব কিছু চূড়ান্ত হওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও তাঁরা দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। সরকারি একমাত্র জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল এ ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতে পারছে না। উল্টো তাদের গাফিলতির কারণে বিপাকে পড়েছেন তাঁরা। তাই তারা সোমবার সকালে মানববন্ধন করেন।২০০৭ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ফলে দক্ষিণ কোরিয়া প্রতি বছর আট থেকে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দেয়। তবে এ জন্য কর্মীদের কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্ত দেওয়া হয়। আরিফুজ্জামান, মোরশেদুল হাসান, সাইফুল হাসানসহ আরও অনেকে জানান, দুই দফায় ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আট হাজার তরুণ। স্বাস্থ্য পরীক্ষাসহ তাঁদের সবকিছু চূড়ান্তও হয়। কথা ছিল, দুই-তিন মাসের মধ্যে তাঁরা দক্ষিণ কোরিয়া চলে যাবেন। কিন্তু প্রথম ব্যাচে উত্তীর্ণ দুই হাজার ৮৫০ জনের মধ্যে এখনো ৫৪৯ জন সেখানে যেতে পারেননি। এ ছাড়া দ্বিতীয় ব্যাচে উত্তীর্ণ পাঁচ হাজারের মধ্যে সাড়ে চার হাজারই এখনো অপেক্ষায় আছেন। দীর্ঘদিন ঘোরাঘুরি করেও তাঁরা যেতে পারছেন না। এরই মধ্যে তাঁদের ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা বারবার বোয়েসেলের সঙ্গে যোগাযোগ করলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা আমরণ অনশন শুরু করেছেন। গত মার্চ মাসে তাঁরা বিক্ষোভ করেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে বোয়েসেলের মহাব্যবস্থাপক আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনশনকারীদের সঙ্গে কথা হচ্ছে। তাঁদের সব বোঝানো হচ্ছে। এই তরুণেরা বিদেশে যেতে পারছে না কেন, জানতে চাইলে তিনি বলেন, এটি দক্ষিণ কোরিয়ার ব্যাপার। তারা সিদ্ধান্ত না নিলে বাংলাদেশের কিছুই করার নেই।