ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গণিত অলিম্পিয়াড
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব তৃতীয়বারের মতো আয়োজন করে আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড। ১ এপ্রিল শুক্রবার তাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিণত হয় গণিতপ্রেমীদের মিলনমেলায়। প্রতিযোগিতায় ২১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীর্ষ আটটি স্থান দখল করে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের প্রতিযোগিতার আয়োজন ছাত্রদের মেধা বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, ‘এই ধরনের প্রতিযোগিতার ফলে আমাদের দেশের ছেলেমেয়েরা আজ দেশে ও বিদেশে লেখাপড়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সাফল্যের সঙ্গে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য মুহাম্মদ শরীফ। এ ছাড়া বিচারক প্যানেলে কনভেনর ও সদস্য হিসেবে ছিলেন যথাক্রমে ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। শাহ্ মোহাম্মদ ইমরান