ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে শিশুসহ তিনজন নিহত
তুরস্কের ইস্তাম্বুলে আজ মঙ্গলবার সেনাবহনকারী একটি বাসের কাছে এক বোমা বিস্ফোরণে একটি শিশুসহ তিনজন নিহত ও নয়জন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সারা তুরস্কে লড়াই শুরু করার কয়েক দিনের মধ্যেই এ বোমা হামলার ঘটনা ঘটল। সেনাবহনকারী বাসটিতে কয়েকজন সৈনিকের পরিবারের সদস্যরা ছিলেন বলে বিবিসির এক প্রতিবেদক জানান। প্রতিবেদনে বলা হয়, বাসটি সেনা আবাসন কমপ্লেক্সের কাছাকাছি হালকালি জেলা পার হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এখনো এ ঘটনার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি।এনটিভি ও সিএনএন-তুর্ক চ্যানেল জানায়, বোমাটি রাস্তার পাশে লুকিয়ে রাখা ছিল। আজ খুব ভোরে বাসটি ওই এলাকা অতিক্রম করার সময় রিমোট কনট্রোলের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।গত শনিবার পিকেকে যোদ্ধাদের হামলায় ১১ জন সেনাসদস্য নিহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের তীব্রতা অনেক বেড়ে গেছে।শনিবার তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদুগান বলেন, ওই কাপুরুষোচিত হামলায় সেনাসদস্যদের নিহত হওয়ার ঘটনায় তুরস্ক পিকেকেকে নির্মূল করার ব্যাপারে তার দৃঢ়সংকল্প থেকে বিন্দুমাত্র সরে আসবে না।