ইস্ত্রি
আমার কোনো ইস্ত্রি নেই, স্ত্রীও নেই। ইস্ত্রি না থাকায় আমি কুঁচকানো কাপড়চোপড় পরেই চলাফেরা করি আর স্ত্রী না থাকায় কেউ সেই কুঁচকানো কাপড়চোপড় নিয়ে আমার সঙ্গে খ্যাঁচম্যাচও করে না। অনেকেই বলেন, ইস্ত্রি আর স্ত্রীর স্বভাব নাকি খানিকটা কাছাকাছিই—দুজনই গরম স্বভাবী আর দুজনই সবকিছুকে ডলে-পিষে সমান করে দিতে ওস্তাদ। ওদের কথা কতখানি সত্য, আমাকে জিজ্ঞেস করবেন না। কারণ, শুরুতেই বলেছি, স্ত্রী বা ইস্ত্রি কোনোটাই আমার নেই। তা ছাড়া আমার পরনের কাপড়ের মতো আমিও খানিকটা কুঁচকানো বা কোঁকড়ানো স্বভাবের, আমাদের আঞ্চলিক উচ্চারণে যাকে বলে কেড়ার মতো স্বভাব। কেড়া হচ্ছে, আপনারা জানেন, সেই কালো রঙের বহু পাবিশিষ্ট ছোট্ট লম্বাটে প্রাণী, যে কিনা একটু বাধা পেলেই গোল হয়ে গুটিয়ে যায়। আমার অবশ্য কোনো বাধা লাগে না, এমনিতেই আমি নিজের মধ্যে গুটিয়ে থাকি। কচ্ছপের মতো আমার একটা সুন্দর খোলস থাকলে বেশ হতো, প্রয়োজনমতো গলাটা টেনে লম্বা করতাম আবার ইচ্ছে করলেই হাত-পা, গলাসহ ঢুকে যেতে পারতাম নিজের শক্ত খোলসে। গভীর বৃষ্টির শব্দ কিংবা কারও ক্লান্ত দীর্ঘশ্বাস দুটোই আমার কাছে সমান, দুটোই আমাকে এত শীতল করে দেয় যে আমি সেঁধিয়ে যেতে চাই আমার গহিন কোটরে।আপনাদের বলেছিলাম, আমার স্ত্রী নেই, কেন নেই? নেই। কারণ, আমার একজন স্বামী আছেন, স্বামী থাকলে স্ত্রী থাকবে কীভাবে, উল্টো আমিই তো সেই স্বামীর স্ত্রী। বাড়িতে ইস্ত্রি না থাকায় আমার স্বামীরও কোনো অসুবিধা নেই। কারণ, ঘরে স্ত্রী আছেন, যিনি তাঁকে ইচ্ছেমতো ডলে-পিষে সমান করে ফেলবেন অথবা বাইরে লন্ড্রির দোকান আছে, কাপড়চোপড় সেখানে দিয়ে এলেই তা পরিপাটি হয়ে ফিরে আসে। না, আসলে সেসব কিছুই না। কারণ, স্ত্রী হলেও আমি যে ইস্ত্রি-স্বভাবী নই, সেটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। প্রকৃত সত্য হচ্ছে, আমার স্বামীও আমার মতোই ভীষণ কুঁচকানো স্বভাবী, নিজের মধ্যে কুঁকড়ে থাকতেই বেশি পছন্দ করেন তিনি। আমরা দুই কেড়া কীভাবে এক হলাম, সেটাই অনেকের কাছে শুধু নয়, আমাদের কাছেও রীতিমতো বিস্ময়। আমাদের একের অন্যের প্রতি তেমন কোনো দাবিদাওয়া নেই, চাওয়া-পাওয়া নেই, আকাঙ্ক্ষা নেই, প্রত্যাশা নেই। আগ্রহ আছে কি না, তা-ও প্রশ্ন। আমি আমার মতো আর তিনি তাঁর মতো ঘণ্টার পর ঘণ্টা একইভাবে যে যার কোটরে বন্দী থাকতে পছন্দ করি। আমাদের মধ্যে কোনো রকম মিথস্ক্রিয়া না হওয়ায় কোনো গল্পও তৈরি হয় না। সংকট বা সংঘর্ষও তৈরি হয় না। আমাদের ইস্ত্রি ও গল্পবিহীন জীবন কাটতে থাকে সরলরেখার মতো নিরুপদ্রবে...আমাদের কাছে তথাকথিত উচ্চাকাঙ্ক্ষা অর্থহীন, চলমানতা নিরর্থক, প্রতিযোগিতা হাস্যকর, সূর্য বা চাঁদের আলো, দিন বা রাতের আঁধার আমাদের মধ্যে কোনো পরিবর্তনই আনে না।বলবেন, এভাবে কি বাঁচা যায়? অবশ্যই যায়; যদি আপনার চাহিদা সীমিত হয়, যদি শপিং মলের উজ্জ্বল ঝলমলে জানালার হাতছানি থেকে আপনি নিজেকে আগলে রাখতে পারেন। বলবেন, সমাজ-সংসারের প্রতি দায়িত্বের কথা? কর্তব্যের কথা? সেই দায়িত্ব-কর্তব্য পালন করতে গিয়েই তো যত বিপদ, যত অনাসৃষ্টি...যত দায়িত্বহীনতার জন্ম। আপনি বলবেন, সবাই এমন হলে তো জগৎ-সংসার অচল হয়ে যাবে। কথা সত্য, জগৎ-সংসার তো আর আপনার আমার নিয়মে চলে না। সে চলে তার মতো। আমি বা আমরা চলি আমাদের মতো। এভাবেই যখন বেশ নির্বিঘ্নে চলে যাচ্ছিল সবকিছু তখন আমাদের কয়েকজন নাছোড়বান্দা আত্মীয় হঠাৎই আমাদের একটি অত্যাধুনিক ইলেকট্রিক্যাল ইস্ত্রি উপহার দেয়। আমরা বিরক্ত হয়ে নিদারুণ অবহেলায় তাকে খাটের নিচে নানা রকম আবর্জনার সঙ্গে ফেলে রাখি। ইস্ত্রির স্বভাব আমাদের মোটেও পছন্দ নয়, ইস্ত্রি হচ্ছে একটা ছোটখাটো বুলডোজার, রুদ্র স্বভাবের একপেশে যন্ত্র। ইস্ত্রিটার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন স্বপ্ন দেখি, ইস্ত্রিটা ব্যাকুল হয়ে কাঁদছে, তাকে কেন ব্যবহার করা হলো না সেই দুঃখে। ভারি মুশকিলে পড়লাম আমরা। যে কারও কান্না, তা সে রক্ত-মাংসের মানুষেরই হোক বা লোহা-লক্কড়ে তৈরি ইস্ত্রিরই হোক, আমাদের আরও কোটরমুখী করে তোলে। আমি ভাবলাম, ইস্ত্রিটা কাউকে দান করে এই ভেজাল থেকে মুক্ত হয়ে যাই। শেষ পর্যন্ত তা-ই করলাম। রাস্তার পাশের একজন ভিখারিকে ডেকে ইস্ত্রিটা দান করে দিলাম। এবার নিজেকে বেশ ফুরফুরে ভারমুক্ত লাগল। আমার পরনের প্রিয় কুঁচকানো কাপড়চোপড়ে স্বস্তি ফিরে এল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হলো না। কারণ, দুই দিন পরেই ভিখারি এসে ইস্ত্রিটা ফেরত দিয়ে গেল। কারণ এই বস্তু নাকি তার কোনো উপকারেই লাগেনি। একে তো ফুটপাতে যেখানে সে ঘুমায়, সেখানে বিদ্যুৎ নেই, তার ওপর ইস্ত্রি করে পরার মতো কোনো কাপড়ও তার নেই। এক দোকানে ইস্ত্রিটি বিক্রি করতে গিয়েও ব্যর্থ হয়েছে সে। দোকানি তাকে উল্টো দোষী করেছে এই বলে যে, এটি নিশ্চয়ই চোরাই মাল, এমনকি এই মালসমেত তাকে পুলিশের হাতে সোপর্দ করার ভয়ও দেখিয়েছে দোকানি। সুতরাং এই আপৎ ভিখারি আর কিছুতেই তার সঙ্গে রাখতে রাজি না। ফলে ইস্ত্রি আবার আমাদের ঘরে খাটের তলায় তার পুরোনো স্থানে শুয়ে-বসে ঝিমুতে লাগল...আত্মীয়রা আমাদের ওপর বেজায় খাপ্পা হয়ে গেলেন, এই জনগণ কি আসলে বৈচিত্র্য পছন্দ করে না? আমরা যদি তোমাদের ইস্ত্রি করা ধবধবে পরিপাটি কাপড় দেখে নাক না কুঁচকাই, তবে তোমরা কেন আমাদের ইস্ত্রিবিহীন, কুঁচকানো কাপড় দেখে নাক সিটকাবে? আমি যদি আমার গহ্বরে শান্তিতে থাকি, তবে তাতে তোমার আপত্তি কেন? আমি কি তোমাকে বলেছি আমার মতো হও...নাকি আমি বললেই তুমি পালটে গিয়ে আমার মতো হয়ে যাবে? আমরা কি তোমাদের কোনো ক্ষতি করছি বলো...ক্ষতি করি বা না করি আমাদের আত্মীয়স্বজন কিন্তু তাঁদের মহৎ উদ্দেশ্য থেকে নিরস্ত্র হলেন না। সর্বশেষ বিধ্বংসী অস্ত্র হিসেবে তাঁরা আমাদের কাছে পাঠালেন একজন বিখ্যাত মানসিক চিকিৎসককে। সেই চিকিৎসক দীর্ঘ সময় আমাদের পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে এমন একটি রোগ নির্ণয় করলেন, যে রোগ কি না মনুষ্য সমাজে বড়ই দুর্লভ ও অপ্রচলিত। এবার তিনি তাঁর নানামুখী বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে আমাদের দুরারোগ্য ব্যাধি সারিয়ে তুলতে প্রবৃত্ত হলেন। বুঝলাম, নিজেদের মতো আমাদের আর থাকা হবে না। আমার স্বামী তাঁর গুটানো শরীর সোজা করে প্রস্তাব দিলেন লোকালয় থেকে পালিয়ে যাওয়ার। আমি সেই প্রস্তাবে সম্মত হলাম।তার পর থেকে বাড়িঘর ফেলে রেখে এই জঙ্গলে নিজেদের মতো বসবাস করছি। কাঠঠোকরা পাখি একটি প্রাচীন গাছের অনুমতি সাপেক্ষে তার দীর্ঘ পেটানো শরীরে আমাদের দুজনের জন্য দুটি নির্মল গর্ত বানিয়ে দিয়েছে। সেখানে নিজের ভেতর নিজেকে গুটিয়ে রেখেছি মহাসুখে...আমাদের কোনো ইস্ত্রি নেই, স্ত্রীও নেই। না থাকাতে কোনো অসুবিধাও নেই।