ইস্যু তৈরি করতে ইলিয়াসকে অপহরণ: টুকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, জঙ্গিগোষ্ঠী বা বিএনপি-জামায়াতের লোকজন নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে কি না, সরকার তা খতিয়ে দেখছে। ইস্যু তৈরি এবং দেশকে অস্থিতিশীল করতে ইলিয়াস আলীকে অপহরণ করা হয়েছে। বিএনপি-জামায়াত জোট ইলিয়াস আলী গুমের ঘটনা নিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আজ শুক্রবার পাবনার সুজানগর উপজেলার পোড়াডাঙ্গা উচ্চবিদ্যালয়ে তাঁতীবন্ধ ইউনিয়ন আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনে শামসুল হক এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তারা ইলিয়াসকে গুম করে সরকারকে উদ্ধারের সময় না দিয়ে হরতাল, মানুষ হত্যা, জ্বালাও, পোড়াও করে দেশে অরাজক পরিবেশ সৃষ্টি করার পথ বেছে নিয়েছে। বাংলার মানুষ তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার এই অপহরণের ঘটনা তদন্ত করছে। খুব শিগগির ইলিয়াস আলী অপহরণ ঘটনার অবসান হবে বলে আমরা আশাবাদী।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের সময় চট্টগ্রামের বিএনপির নেতা জামালউদ্দিনকে অপহরণ করা হয়েছিল। সে ঘটনায় বিএনপির লোকজনই জড়িত ছিল। ইলিয়াস আলীর ব্যাপারে সে রকম কিছু ঘটেছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, আবদুল মতিন মৃধা, আবদুল জলিল বিশ্বাস, রায়হান উদ্দিন, রইচ উদ্দিন প্রমুখ।