ইস্রাফিলকে ছিনিয়ে নিল বাঘ
একদিকে বাঘ টানছে, অন্যদিকে বাঘের মুখ থেকে ইস্রাফিলকে বাঁচানোর চেষ্টা করছে সঙ্গীরা। এভাবে আট মিনিট ধরে চলে বাঘে-মানুষে টানা-হেঁচড়া। কিন্তু প্রতিবারের মতো বাঘই জয়ী হয়। ক্ষিপ্র ও হিংস্র বাঘটি টেনে-হিঁচড়ে সুন্দরবনের গহিনে নিয়ে যায় ইস্রাফিলকে। সাড়ে তিন ঘণ্টা পর গ্রামবাসী ও বন বিভাগের সদস্যরা আজ রোববার সকালে উদ্ধার করে তাঁর ক্ষতবিক্ষত নিথর দেহ।নিহত ইস্রাফিল হোসেনের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামে। তাঁর বাবার নাম আবু দাউদ গাজী।নিহত ইস্রাফিলের সঙ্গী টেংরাখালি গ্রামের সফিকুল হোসেন, পারসেখালি গ্রামের ফারুক হোসেন ও আবদুল আজিজ জানান, গত শুক্রবার ইস্রাফিলকে নিয়ে তাঁরা আটজনের একটি দল পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন থেকে অনুমতি (পাশ) নিয়ে নদীতে কাঁকড়া ধরতে যান। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মামুদো নদীর কেওড়াতলী খালের ধারে কাঁকড়া ধরার জাল উঠানোর সময় একটি বাঘ ইস্রাফিলের ওপর আক্রমণ চালায়। বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধারের জন্য তাঁরা নৌকার বৈঠা, লাঠি ও গাছ-কাটা দা নিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা চালান। প্রায় আট মিনিট লড়াই চালানোর পর বাঘটি ইস্রাফিলকে সুন্দরবনের ভেতরে নিয়ে যায়।এ খবর জানার পর গ্রামবাসী ও বন বিভাগের সদস্যরা সকাল নয়টার দিকে সুন্দরবনের গহিন থেকে ইস্রাফিলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেন।কৈখালি স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ক্ষতবিক্ষত লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।