ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনার সমালোচনায় ওবামা
নতুন করে পূর্বে জেরুজালেমে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সোমবার ইসরায়েল সরকার অধিকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দেয়।দশ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় অবস্থান করা প্রেসিডেন্ট ওবামা বলেছেন, শান্তি প্রক্রিয়ার জন্য ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা মোটেও সহায়ক হবে না। তিনি আরও বলেন, থমকে থাকা শান্তি আলোচনায় অগ্রগতি আনতে ইসরায়েল কিংবা ফিলিস্তিন কোনো পক্ষই আন্তরিকভাবে কাজ করছে না।কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। কিন্তু অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ বন্ধে ইসরায়েল সম্মত না হওয়ায় ওই আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে।এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, ইহুদি বসতি নির্মাণ বন্ধ না হলে তারা কোনো ধরনের আলোচনায় বসবে না। অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইহুদি বসতি নির্মাণ অব্যাহত থাকবে। ইসরায়েলের এই ইহুদি বসতি নির্মাণ কার্যক্রমকে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই অবৈধ বলে অভিহিত করেছে। বিবিসি অনলাইন।