ইয়াংওয়ানের কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গতকাল শনিবার ইয়াংওয়ান গ্রুপের কয়েকটি পোশাক তৈরির কারখানায় শ্রমিকেরা ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। বিকেল থেকে রাত আটটা পর্যন্ত এই বিক্ষোভ-ভাঙচুর চলে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ইয়াংওয়ানের কয়েকজন কর্মকর্তাকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শ্রমিকেরা প্রায় এক ঘণ্টা ইপিজেডের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এ পরিস্থিতিতে ইয়াংওয়ানের ১৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।জানা গেছে, বেপজা ঘোষিত নতুন বেতনকাঠামো অনুযায়ী পুরোনোদের চেয়ে নতুন শ্রমিকদের বেতন-ভাতা বেশি বেড়েছে। ফলে নতুন ও পুরোনো শ্রমিকদের বেতন-ভাতা প্রায় সমান হয়ে গেছে। নতুন বেতনকাঠামোয় নভেম্বরের বেতন পাওয়ার পর পুরোনো শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকদের হামলায় আহত কর্মকর্তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ইয়াংওয়ান গ্রুপের উপপরিচালক নুরুল আলম, কর্মকর্তা হারুনুর রশীদ ও শাহীনুর রহমান। নুরুল আলমকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোরীয় প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের বাংলাদেশ অপারেশন-প্রধান মেজবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের ভাঙচুরে ইয়াংওয়ানের প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন বেতনকাঠামো নিয়ে কারখানার কর্তৃপক্ষ আলোচনায় বসলেও শ্রমিকদের একটি অংশ উত্তেজিত হয়ে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে রাত আটটার দিকে পরিস্থিতি শান্ত হয়।’ইয়াংওয়ানের কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইয়াংওয়ানের ১৬টি কারখানায় প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করেন। নতুন বেতনকাঠামো অনুযায়ী নতুন শ্রমিকদের বেতন পুরোনো শ্রমিকদের কাছাকাছি হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে পুরোনো শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গতকাল দুপুরে খাওয়ার বিরতির পর ইয়াংওয়ান গ্রুপের ওয়াইএসএল নামে একটি ইউনিটে পুরোনো শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ শ্রমিকদের একটি অংশের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে নতুন-পুরোনো শ্রমিকদের বেতনবৈষম্য নিরসনের আশ্বাস দেন। কিন্তু শ্রমিকদের আরেকটি ক্ষুব্ধ অংশ বিক্ষোভ চালিয়ে যায়। পর্যায়ক্রমে এই বিক্ষোভ ইয়াংওয়ানের কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটায় ইয়াংওয়ানের সব ইউনিটে ছুটি ঘোষণা করা হয়। এ সময় অনেক শ্রমিক কারখানা ত্যাগ করলেও বিক্ষুব্ধ শ্রমিকেরা ইয়াংওয়ানের বিভিন্ন ইউনিটে গিয়ে কর্মকর্তাদের মারধর করেন। তাঁরা দলে দলে ভাগ হয়ে কারখানায় ভাঙচুর চালান। কারখানার সামনে গাড়িতেও ভাঙচুর চালান তাঁরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সন্ধ্যা সাতটা থেকে প্রায় এক ঘণ্টা শ্রমিকেরা ইপিজেডের সামনের বিমানবন্দর সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকেরা ৮-১০টি গাড়ি ভাঙচুর করেন। রাত আটটার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত শেখ আবুল হাসান বলেন, ইপিজেডের সামনের সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য সামান্য আহত হন। বিকেল থেকে ইপিজেড এলাকায় পাঁচ প্লাটুন পুলিশ মোতায়েন ছিল। ইয়াংওয়ান সূত্রে জানা গেছে, গ্রুপের ১৬টি কারখানার প্রায় সব কটিতে কমবেশি ভাঙচুর চালান শ্রমিকেরা। তবে তিনটি কারখানায় বেশি ভাঙচুর হয়। এগুলো হচ্ছে ইয়াংওয়ান স্পোর্টস ওয়্যার লিমিটেড (ওয়াইএসএল), ইয়াংওয়ান স্পোর্টস সুজ লিমিটেড (ওয়াইএসএসএল) ও ওয়াইসি লিমিটেড। এ পরিস্থিতিতে ইয়াংওয়ানের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।রাত আটটায় ইয়াংওয়ানের ওয়াইসিএল ইউনিটের মহাব্যবস্থাপক মো. জাহিদুল হক বলেন, শ্রমিকদের বেতন-ভাতা কমানো হয়নি। বাইরের কিছু লোক শ্রমিকদের সঙ্গে মিশে পরিস্থিতি ঘোলাটে করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। সিইপিজেডের মহাব্যবস্থাপক এস এম আবদুর রশীদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।