ইয়াকুব আলীকে এক কোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে ইয়াকুব আলী খন্দকার ও আরিফুর রহমান নামে দুই বিনিয়োগকারীকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এই দুজনকে যথাক্রমে এক কোটি টাকা ও ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।শেয়ার কারসাজির অভিযোগে কোনো ব্যক্তিকে এটাই সর্বোচ্চ জরিমানা।শেয়ার কারসাজির অপর আরেকটি ঘটনায় কেয়া কসমেটিকসকে পাঁচ কোটি ৩০ লাখ টাকা এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে এসইসি। এসইসির নিয়মিত সভায় গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নিয়ম অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের জরিমানার টাকা পরিশোধ করতে হবে। এরপর প্রতিদিনের দেরির জন্য অতিরিক্ত আরও ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এসইসির একজন কর্মকর্তা জানান, বাজারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এসইসি এ সিদ্ধান্ত নিয়েছে, যাতে ভবিষ্যতে কেউ কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়িয়ে বাজার থেকে মুনাফা তুলে নিতে না পারে।এসইসি বলছে, ইয়াকুব আলী খন্দকারের বিরুদ্ধে ম্যারিকো বাংলাদেশের শেয়ার কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে। তিনি শেয়ারটির লেনদেন শুরুর প্রথম দিন থেকেই কেনা শুরু করেছিলেন। এ সময় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা মাত্র দুই সপ্তাহে কেনেন পাঁচ লাখ শেয়ার। প্রিমিয়ামসহ ম্যারিকোর শেয়ারের দর ছিল ৯০ টাকা। তিনি প্রথম দাম হাঁকেন ৩২৪ টাকা, কিনতে থাকেন ৪০০ টাকার ওপর পর্যন্ত। ৪০০ টাকার ওপরে দাম নিয়ে যাওয়ার পরই তিনি বিক্রি শুরু করতে থাকেন।ইয়াকুব ও তাঁর পরিবারের বিভিন্ন লোকের নামে থাকা পুরো শেয়ারই বিক্রি করে দেন পরবর্তী এক মাসে, বেরিয়ে যান ম্যারিকোর শেয়ার থেকে। আর এই সময়ে তিনি মুনাফা করেন কয়েক কোটি টাকা। এই কাজে তাঁর সহযোগী ছিলেন আরিফুর রহমান। যাঁর বিও হিসাবেও একই সময়ে কাছাকাছি পরিমাণ শেয়ার কেনাবেচা হয়।লংকাবাংলা সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ, প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার হামাস নামের একটি প্রতিষ্ঠানকে কেয়া কসমেটিকসের শেয়ার কিনে দেবে বলে গুজব ছড়িয়ে শেয়ারটির দাম বাড়াতে ভূমিকা রাখে। আর একই ঘটনায় কেয়া কসমেটিকসকে পাঁচ কোটি টাকা এবং প্রতিষ্ঠানটির ছয়জন পরিচালকের প্রত্যেককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।