ইয়াজউদ্দিন আহম্মেদ আর নেই
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ সোমবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।ইয়াজউদ্দিন আহম্মেদের ছেলে ইমতিয়াজ আহম্মেদ প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল ১০টা ৪০ মিনিটে তাঁর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার মরদেহ নিয়ে দেশে ফিরবেন। ইমতিয়াজ তাঁর বাবার শেষ ইচ্ছা জানাতে গিয়ে বলেন, তিনি চেয়েছিলেন তাঁর মরদেহ যেন বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তাঁরাও তা-ই করতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ইয়াজউদ্দিন আহম্মেদের ঘনিষ্ঠ সহকর্মী ও প্রাক্তন ছাত্র এস এম এ ফায়েজ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভোর পাঁচটার দিকে তিনি (ইয়াজউদ্দিন) ডিপ কোমায় চলে যান। সাড়ে ১০টার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’গত ২৮ অক্টোবর ইয়াজউদ্দিন আহম্মেদের শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনিতে জটিলতা দেখা দিলে গত ৪ নভেম্বর তাঁর অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ইয়াজউদ্দিন আহম্মেদ গত বছরের আগস্ট মাসে অসুস্থ হয়ে পড়লে সেপ্টেম্বরে তাঁকে থাইল্যান্ডে নেওয়া হয়। চিকিত্সা শেষে দেশে ফেরেন তিনি। আবার অসুস্থ বোধ করলে চার মাস আগে তাঁকে আবার থাইল্যান্ডে নেওয়া হয়। এর আগে ২০০৬ সালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর বাইপাস সার্জারি হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান ইয়াজউদ্দিন আহম্মেদ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি ছিলেন।