ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ব্যবসায়ী আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে কারাগারে পাঠানো হয়েছে। অবৈধভাবে ইয়াবা বড়ি ও মদ রাখার অভিযোগ করা পৃথক দুটি মামলায় যুক্তিতর্ক শেষে আজ রোববার আদালত তাঁদের কারাগারে পাঠান। ৮ জুলাই এ বিষয়ে রায় ঘোষণা করা হবে।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ তারিখ ধার্য করেন।সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মৃত্যুদণ্ডের এবং যাবজ্জীবনের বিধান রয়েছে। তাই রায় ঘোষণার আগে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২৪ অক্টোবর র্যাব গুলশান-১-এর ১২৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আমিন হুদা ও সহকারী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে। এ সময় ঘর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা গুলশানের আরেকটি বাসায় মাদক থাকার কথা বলেন। ওই বাসা থেকে র্যাব ১৩৮ বোতল মদ এবং পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার) ছাড়াও ইয়াবা তৈরির উপাদান ও যন্ত্র উদ্ধার করে। এর পরিপ্রেক্ষিতে র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়। মামলা দুটিতে ২০০৮ সালের ১৬ জানুয়ারি আমিন হুদা ও আহসানুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছর হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় আবার বিচারকাজ শুরু হয়।