ইয়াবাবড়িসহ ব্যাংকের গাড়ি ও চালক গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে আরব-বাংলাদেশ ব্যাংকের ব্যবহূত একটি পাজেরো গাড়ি, দুই হাজার ইয়াবাবড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুল খালেক (৩১) আরব-বাংলাদেশ ব্যাংক টেকনাফ শাখার গাড়িচালক। তিনি রামু উপজেলার দোয়ারা পালং এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, ১৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টেকনাফ পৌর এলাকার পুরোনো বাস স্টেশনে ব্যাংকের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে পাজেরো গাড়িটি তল্লাশি করে এর পেছনে থাকা কাপড়ের ভেতর থেকে টেপে মোড়ানো অবস্থায় দুই হাজার ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।জানা গেছে, প্রতি বৃহস্পতিবার ব্যাংকের কর্মকর্তারা কক্সবাজার ও চট্টগ্রামে নিজ বাড়িতে যান। এই সুযোগে চালক ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন।গ্রেপ্তারকৃত ব্যক্তি বলেন, ‘তৈয়ুব নামের স্থানীয় এক ব্যক্তি আমাকে দুই হাজার টাকার বিনিময়ে ইয়াবাবড়িগুলো পৌঁছে দেওয়ার কথা বলেছিল। চট্টগ্রাম পৌঁছানোর পর তার লোক এগুলো নিয়ে যেত।’টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।