ইয়াসমীনের মা বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন প্রতিরোধ দিবসের পটভূমিসংসারে অভাবের তাড়নায় মাত্র ১২ বছর বয়সে ১৯৯২ সালে গৃহপরিচারিকার কাজ করতে ঢাকায় যায় দিনাজপুর শহরের রামনগর এলাকার রিকশাচালক মৃত এমাজ উদ্দিনের একমাত্র কন্যা ইয়াসমীন বেগম। শহরের লালবাগ কোহিনূর স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ত সে। বাবা মারা যাওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে যায় কিশোরী ইয়াসমীনের। শহরের ক্ষেত্রীপাড়া ছয় রাস্তার মোড় এলাকার এক লোক ঢাকায় তাঁর ছেলের বাসায় কাজ করার জন্য ইয়াসমীনকে নিয়ে যান। কিন্তু পরে তার মা জানতে পারেন ইয়াসমীন কাজ করে ওই ভদ্রলোকের মেয়ের বাসায়। বাড়িতে আসার জন্য ভীষণ উতলা ছিল সে। টানা তিন বছরে একবারও দিনাজপুরে মায়ের কাছে আসা হয়নি। রাত্রিকালীন কোচে অতঃপর ঢাকা থেকে দিনাজপুরে একা রওনা হয় ইয়াসমীন।ফিরে দেখা ২৪ আগস্ট১৯৯৫ সালে ২৪ আগস্ট ভোরবেলা ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী ‘হাছনা এন্টারপ্রাইজ’ নামে রাত্রিকালীন কোচে ইয়াসমীন রাত তিনটার দিকে দিনাজপুরের দশমাইল মোড়ে নামে। কোচের সুপারভাইজার দশমাইল মোড়ের পান দোকানদার জবেদ আলী, ওসমান গণি, রহিমসহ স্থানীয়দের কাছে কিশোরী ইয়াসমীনকে দিয়ে সকাল হলে মেয়েটিকে দিনাজপুর শহরগামী যেকোনো গাড়িতে তুলে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু এর কিছুক্ষণের মধ্যে দিনাজপুর কোতোয়ালি থানা টহল পুলিশের একটি পিকআপ ভ্যান সেখানে আসে। তারা মেয়েটির পরিচয় জানতে চায়। একপর্যায়ে শহরের রামনগর এলাকায় বাড়িতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ ইয়াসমীনকে পিকআপে তুলে নেয়। পরের দিন সকালে ইয়াসমীনের লাশ পাওয়া যায় দিনাজপুর দশমাইল মহাসড়কে রানীগঞ্জ ব্র্যাক অফিসের সামনে। পরবর্তী সময় ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়, পুলিশ হেফাজতে ধর্ষণ শেষে খুন হয়েছিল দিনাজপুরের কিশোরী ইয়াসমীন। ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছিল দিনাজপুরের সর্বস্তরের মানুষ। পুলিশ ঘটনার কথা অস্বীকার করে ইয়াসমীনের মরদেহকে ‘বানু’ নামের এক পতিতার লাশ বলে অপপ্রচার করে। এতে আরও তীব্র প্রতিবাদে ফেটে পড়ে দিনাজপুরের মানুষ এবং মানবাধিকারকর্মীরা। বিক্ষুব্ধ জনতা কোতোয়ালি থানা ঘেরাও ও আক্রমণ করে। পরদিন বিক্ষুব্ধ প্রতিবাদী জনতার মিছিলে পুলিশ গুলি চালায়। মারা যান সামু, কাদের, সিরাজসহ নাম না জানা সাত ব্যক্তি। আহত হয় শতাধিক।ঘটনায় উত্তাল দিনাজপুরবাসীর কাছে মাথা নত করে জেলা ও পুলিশ প্রশাসন। পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ পুরো প্রশাসনকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় সরকার। দিনাজপুরে পুলিশের হেফাজতে কিশোরী ইয়াসমীন ধর্ষণ ও খুন এবং প্রতিবাদে দিনাজপুরবাসীর তীব্র আন্দোলনের খবর ফলাও করে প্রকাশিত হয়।ঘটনায় দিনাজপুরবাসীর পক্ষে তিনটি মামলা দায়ের করা হয়। যার মধ্যে ইয়াসমীন ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামি একজন পুলিশ কর্মকর্তাসহ তিনজনের ফাঁসির রায় গত ২০০৪ সালের ১ সেপ্টেম্বর কার্যকর করা হয়।নারী নির্যাতনের এই যুগান্তকারী প্রতিবাদী ঘটনাকে স্মরণীয় করতেই প্রতিবছর ২৪ আগস্ট দিনটি ‘নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। তবে দিনাজপুরের মানুষ দিবসটি ইয়াসমীন হত্যা দিবস হিসেবেই পালন করে থাকে।সেই দুঃসহ স্মৃতির ১৫ বছর পর কেমন আছেন ইয়াসমীনের মা শরীফা বেগম? ১৮ আগস্ট দুপুর ১২টায় দিনাজপুর শহরের রামনগর এলাকায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় তাঁরই বয়সী এক প্রতিবেশী মহিলার সঙ্গে ঘরে বসে কাঁথা সেলাই করছেন শরীফা বেগম।প্রথম আলো: দেখতে দেখতে সময় গড়িয়ে মেয়ের মৃত্যুর ১৫ বছর পার হয়ে গেল। কেমন আছেন আপনি? কীভাবে কাটছে সময়?শরীফা বেগম: ইয়াসমীনের নিজের ভাই শফিকুল ঢাকায় পোশাক কারখানায় কাজ করে। নয় বছর বয়সী তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে সোহাগ এবং তার বাবা ডাবলুকে নিয়ে কোনোমতে চলে যায় সংসার। স্বামী ডাবলু কাজ করেন শহরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ আবুল হোসেন পাটোয়ারীর ব্যবসাপ্রতিষ্ঠানে। স্বামী-সন্তানদের দেখভাল, সংসার, বাড়িতে বসে কাঁথা সেলাই—এভাবেই চলে যায় দিন।প্রথম আলো: ইয়াসমীনের বাবার কোনো স্মৃতি? শরীফা বেগম: ইয়াসমীনের বাবা এমাজ উদ্দিন রিকশা চালাতেন। শহরের রামনগর কলির মোড় এলাকায় অন্যের জমিতে ঘর তুলে থাকতাম আমরা। ইয়াসমীনের ছোট ভাই শফিকুল হওয়ার পর তিনি মারা যান। এমাজ উদ্দিন মারা যাওয়ার পর আমি বর্তমান স্বামী ডাবলুকে বিয়ে করি।প্রথম আলো: ইয়াসমীনের কোনো স্মৃতি? শরীফা বেগম: মেয়েটা আমার খুব লক্ষ্মী ছিল। বাবা মারা যাওয়ার পর লেখাপড়া বন্ধ হয়ে গেল। সংসারে তখন ভীষণ অভাব। কিন্তু ইয়াসমীন লেখাপড়ার জন্য কোনো টাকা-পয়সা বা বইখাতা চাইত না। তার কোনো আবদার ছিল না। স্কুলে ওপরের ক্লাসের শিক্ষার্থী বা শিক্ষকদের বলে বই জোগাড় করত। লেখাপড়ার প্রতি ভীষণ টান ছিল।প্রথম আলো: ঢাকায় অন্যের বাড়িতে কাজ করতে গেল কীভাবে?শরীফা বেগম: সংসারে খুবই অভাব। এ অবস্থায় ক্ষেত্রীপাড়া শাহ্ ভিলার মালিক শাহাবুদ্দিনের স্ত্রীর অনুরোধে তাঁর ছেলের বাসায় এক বছর কাজ করার জন্য ইয়াসমীনকে চাইলে ইয়াসমীন নিজে রাজি হয়। বলে, ‘মা, তুই কুনো চিন্তা করিস না। এক বছর পর কাজ করি আমি যে টাকা আইনবো, সেই টাকা দিয়া আবার স্কুলে ভর্তি হব, লেখাপড়া করব। কিন্তু সেইটা আর হইল কই? (এ কথা বলেই শরীফা বেগম পারলেন না নিজেকে ধরে রাখতে)।প্রথম আলো: ঈদ কীভাবে কাটত? ঈদে ইয়াসমীন মা বা ভাইয়ের জন্য কোনো কিছু পাঠাত? শরীফা বেগম: ইয়াসমীন ঢাকায় গেলে আমি রামনগর এলাকায় ছাত্রদের একটি মেসে রান্নার কাজ করতাম। মাসে ১০০ টাকা আর তিনবেলা খাওয়া পাইতাম। বাড়িতে ঈদ করা হইত না। ঈদ আসলেই বুকটা আমার ফাটি যাইত। ঈদের আগে শাহাবুদ্দিনের বাড়িতে কতবার যে যাইতাম। কানতাম। তিন বছরের মধ্যে একবারের জন্যও বাড়ি আসেনি মেয়েটি। আর ইয়াসমীন মারা যাওয়ার পর থাকি ঈদ আসিলে মনটা আর ঘরত থাকে না। তিন বছর মেয়েক দেখি নাই, সান্ত্বনা ছিল ও আছে কিন্তু এখন যে সান্ত্বনারও কিছু নাই... (আবার বুক ফাটা কান্না)।প্রথম আলো: ইয়াসমীন নিহত হওয়ার পর সরকারিভাবে আপনি কী পেয়েছেন?শরীফা বেগম: ইয়াসমীন মারা যায় যখন তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে এক লাখ টাকা দিছিল, ওই টাকা দিয়া ছয় শতক জমি কিনি বাড়ি করি আছি। তবে একটা চাকরি পাইলে সংসারটা ভালো মতো চইলত। সরকার একবার বইলছিল মোকে একখান চাকরি দেবে। প্রথম আলো: বর্তমানে প্রতিবছর ২৪ আগস্ট মেয়ের নামে একটি দিবস পালিত হয়, বিষয়টি কেমন লাগে? শরীফা বেগম: সারা দেশের মানুষ আমার মেয়ের নামে প্রতিবছর দিবসটি পালন করে দেখে আমার আত্মা শান্তি পায়। মনে হয়, আমার মেয়ে আমার কাছেই আছে। সমাজের ওর বয়সী মেয়েদের মধ্যে আমি আমার মেয়ের মুখটা খুঁজি। আমি মরে যাওয়ার পরও যেন আমার মেয়ের নামে দিবসটি পালিত হয়, দেশের মানুষের কাছে এটাই আমার চাওয়া।প্রথম আলো: মেয়ের মৃত্যু দিবস কীভাবে কাটে?শরীফা বেগম: বাড়িতে মিলাদ করি আর পাড়ার গরিবদের নিয়া একবেলা খাই।প্রথম আলো: আপনার কোনো প্রত্যাশা?শরীফা বেগম: আমার মেয়েকে যারা ধর্ষণ ও খুন করেছে, তাদের সাজা হয়েছে। কিন্তু আমার মেয়েকে হত্যার প্রতিবাদে আন্দোলন করতে যাঁরা মারা গেছেন, তাঁদের হত্যাকারীদের বিচার আজও হয়নি। তাদের বিচার চাই।