ইয়াসির আরাফাতের মৃত্যুদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ফিলিস্তিনি জাতির স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা ও দেশটির প্রথম প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।তাঁর মৃত্যুবার্ষিকীতে ফিলিস্তিনিরা মোমবাতি জ্বালিয়ে ও শোভাযাত্রা করে এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এদিকে ফাতাহ অভিযোগ করেছে, হামাস গাজায় আরাফাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০০৪ সালের ১১ নভেম্বর প্যারিসের একটি সামরিক হাসপাতালে ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের এ মহানায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইয়াসির আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট কায়রোতে জন্মগ্রহণ করেন। তবে তাঁর মা-বাবা ছিলেন ফিলিস্তিনের অধিবাসী। ১৯৫০ সালে ইয়াসির আরাফাত ইউনিভার্সিটি অব কিং ফুয়াদ-১ (বর্তমানে কায়রো বিশ্ববিদ্যালয়) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি আরব-ইসরায়েল যুদ্ধে অংশ নেন।১৯৫৮ সালে তিনি তাঁর কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনি জনগণের মুক্তির লক্ষ্যে গড়ে তোলেন সশস্ত্র সংগঠন আল-ফাতাহ। ১৯৬৪ সালে আরব লিগের উদ্যোগে গঠন করা হয় প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)। ১৯৬৯ সালে ইয়াসির আরাফাত পিএলওর চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আমৃত্যু ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তির জন্য সংগ্রাম করেছেন। তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। উইকিপিডিয়া, সিনহুয়া।