ইয়াসির আরাফাতের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার কর্তৃপক্ষ ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দেশটির বিচার মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।বিচার মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল সোমবার দাবি করেছেন, দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বেন আলীর স্ত্রীর সঙ্গে আরাফাতের স্ত্রী অর্থ-সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্ট থাকার সন্দেহে তিউনিসিয়ার একটি আদালত তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তবে সুহা আরাফাত তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। সুহা আরাফাত দীর্ঘ সময় তিউনিসিয়ায় কাটিয়েছেন। তিনি বেন আলীর স্ত্রী লায়লা ত্রেবেলসির সঙ্গে ব্যবসাও করেছেন। ২০০৪ সালে ইয়াসির আরাফাত মারা যান। এরপর সুহা আরাফাত তিউনিসিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন এবং ত্রেবেলসির সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক স্কুল প্রতিষ্ঠা করেন। ত্রেবেলসির সঙ্গে সুহার সম্পর্কের তিক্ততা তৈরি হলে ২০০৭ সালে তাঁর নাগরিকত্ব কেড়ে নেয় তিউনিসিয়া। এর পরিপ্রেক্ষিতে তিউনিসিয়া ত্যাগ করতে বাধ্য হন সুহা। তিনি বর্তমানে মালটায় অবস্থান করছেন বলে জানা গেছে। গণ-অভ্যুত্থানের মুখে গত জানুয়ারিতে বেন আলী ও তাঁর পরিবার তিউনিসিয়া থেকে পালিয়ে সৌদি যায়। বেন আলী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে তিউনিসিয়ায় বিচার চলছে। এর মধ্যে কয়েকটি মামলায় তাদের দণ্ডও হয়েছে। ক্ষমতায় থাকতে বেন আলী ও তাঁর পরিবার দেশটির অর্থনীতি অধিকাংশই নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ রয়েছে।