পূর্ব পাকিস্তানে কার্যত আত্মসমর্পণ প্রশ্নে জেনারেল ইয়াহিয়ার সঙ্গে জুলফিকার আলী ভুট্টো একাত্তরের ১১ ডিসেম্বরে বিরোধে জড়িয়েছিলেন। ভুট্টোকে উপপ্রধানমন্ত্রী নিয়োগের পরেও তাঁকে না জানিয়ে রাষ্ট্রপতি ইয়াহিয়া পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানি সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রও এতে অবাক হয়। ক্ষুব্ধ ভুট্টো জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ ডব্লিউ বুশকে একাত্তরের এই দিনে বলেছিলেন, যুদ্ধবিরতি প্রশ্নে জাতিসংঘ মহাসচিবকে লেখা জেনারেল ফরমান আলীর চিঠিই যদি পাকিস্তান সরকারের অবস্থান হয়, তাহলে তিনি আর এক মুহূর্ত দেরি করবেন না। পরের বিমান ধরে দেশে ফিরে যাবেন। পাকিস্তান দ্বিখণ্ডিত হওয়ার দিকে ইঙ্গিত করে ভুট্টো বুশকে বলেছিলেন, ‘তিনি (ভুট্টো) এর দায়িত্ব নেবেন না।’একাত্তরের এই দিনটিতে (১১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নজর ছিল নিরাপত্তা পরিষদের দিকে। যুদ্ধবিরতির যে প্রস্তাব সাধারণ পরিষদে পাস হয়েছে, তাতে খুশি থেকেও পাকিস্তানের ঘুম ছিল না। কারণ, ওই প্রস্তাব মানতে ভারত বাধ্য ছিল না। তাই মার্কিন সমর্থনে ভুট্টো একই প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস করাতে মরিয়া ছিলেন। এই প্রস্তাব তুলতে তিনি আরেক স্বৈরশাসক জেনারেল মোহাম্মদ সিয়াদ বারি (১৯৯১ সালে গৃহযুদ্ধে ক্ষমতাচ্যুত) শাসিত সোমালিয়াকে রাজি করিয়েছিলেন। নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে ভুট্টোর এক দিন পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং ১১ ডিসেম্বরে নিউইয়র্কে পৌঁছান। একাত্তরের এই দিনের পরিস্থিতি সম্পর্কে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) বলেছে, ‘পূর্ব ও পশ্চিম ফ্রন্টে যুদ্ধ স্তিমিত অবস্থায় আছে। উভয়ে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে।’চীনের না: ভারতের বিরুদ্ধে চীনকে ব্যবহার করতে গিয়ে হতাশ হয়েছিল পাকিস্তান। ওয়াশিংটন সময় ১১ ডিসেম্বরের দুপুরে নিউইয়র্কে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহি তাঁর বাসভবনে বুশকে আমন্ত্রণ জানান। শাহি বুশকে বলেন, যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যেমন প্রস্তাব পাস হয়েছে, ঠিক তেমনি নিরাপত্তা পরিষদেও তাঁরা একটি প্রস্তাব পাস করাতে চান। কারণ, সাধারণ পরিষদের রেজুলেশন সুপারিশমাত্র; নিরাপত্তা পরিষদের প্রস্তাব মানার মতো সেটা মানা বাধ্যতামূলক নয়। বুশ এর বিবরণ দিয়ে এদিন মার্কিন পররাষ্ট্র দপ্তরকে লেখেন, পাকিস্তান যদিও জানে যে সোভিয়েতরা ভোটো দেবে। তবে ১০৪টি দেশের পাস করা একটি প্রস্তাবে ভেটো দিলে তাতে তাদের নৈতিক পরাজয় ঘটবে। সেটাই পাকিস্তানের লাভ।শাহি এ সময় বুশের কাছে চীনের মনোভাবে দুঃখ প্রকাশ করেন। শাহি বলেন, ‘এই মাত্র তাদের সঙ্গে লম্বা বৈঠক করে এলাম। তারা নিরাপত্তা পরিষদে যেতে আগ্রহী নয়। অথচ ভারতের পক্ষে সোভিয়েতরা ঠিকই ভেটো দেবে।’অবাক ভুট্টো: ১১ ডিসেম্বর বুশ মার্কিন পররাষ্ট্র দপ্তরকে ভুট্টোর সঙ্গে ১০ ডিসেম্বরে অনুষ্ঠিত প্রথম বৈঠকটির বিবরণ দেন। তিনি বলেন, ভুট্টো বেশির ভাগ সময় স্বগতোক্তি করেন এই বলে যে ‘পাকিস্তান ভয়ংকর ভুল করেছে, কিন্তু তাই বলে ভারত পাকিস্তান ভাঙার অজুহাত খাড়া করতে পারে না। যদি পূর্ব পাকিস্তানের পতন ঘটে, তাহলে ভারত পশ্চিম ফ্রন্টে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, না-হয় দীর্ঘমেয়াদে পশ্চিম পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদকে মদদ দেবে।’ ভুট্টো বলেন, ‘ভারত আকাশে উড়ছে। ইন্দিরা গান্ধী মুজিবের মুক্তির জন্য বিশ্বের দ্বারে দ্বারে ছুটছেন। ইন্দিরা মুজিবের ব্যক্তিত্বে আচ্ছন্ন। মুজিবকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করার পর থেকে ইয়াহিয়া কঠিন সমস্যাকে আরও কঠিন করে তুলেছেন।’ওই তারবার্তায় বুশ লিখেছেন, ‘ভুট্টো এ পর্যায়ে কিছুটা উত্তপ্ত স্বরে বলেন, যদি পাকিস্তান সরকারের প্রথম বার্তাটাই (ফরমান আলী স্বাক্ষরিত) তার নীতি হিসেবে গণ্য হয়, তাহলে এর দায়দায়িত্ব তিনি গ্রহণ করবেন না।’ এ বৈঠকে উপস্থিত শাহি এ সময় বলেন, ‘প্রথম প্রস্তাবটির খসড়া পূর্ব পাকিস্তানের ফিল্ড কমান্ডার বিরাট চাপের মধ্যে তৈরি করেছিলেন। তাই ওই প্রস্তাবে জাতিসংঘকে ক্ষমতা হস্তান্তর কার্যকর করার মতো নজিরবিহীন অনুরোধ করা হয়েছিল।’ এরপর ভুট্টো ইঙ্গিত দেন, ‘পাকিস্তান অদূর ভবিষ্যতে যতটা সম্ভব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাবের সঙ্গে মিল রেখে একটি নতুন প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদে আসবে।’এখানে লক্ষণীয়, ভুট্টোকে ইয়াহিয়া নতুন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করে জাতিসংঘে পাঠালেও জেনারেল ফরমান আলীকে দিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি লেখানোর মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পরামর্শ করেননি। ইয়াহিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অন্ধকারে রেখেছিলেন। একজন নির্বাচিত রাজনীতিবিদ হয়েও ভুট্টো জেনারেল ইয়াহিয়ার যুদ্ধ বন্ধ করার মতো সিদ্ধান্ত মানতে পারেননি। যুদ্ধবিরতি: মার্কিন কনসাল স্পিভাক ১১ ডিসেম্বরে ঢাকা ৫৫৮৭ তারবার্তায় বলেন, ঢাকায় ১১ ডিসেম্বরের সকালে বিভিন্ন দূতাবাসের কনসাল জেনারেলদের নিয়ে বৈঠক ডাকেন জাতিসংঘের প্রতিনিধি পল মার্ক হেনরি। তিনি তাঁদের কাছে তথ্য প্রকাশ করনে যে মালিক নতুন প্রস্তাব দেবেন বলে ফরমানের প্রস্তাব তুলে নেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব হয়তো সে কারণেই ফরমানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন। পল মার্ক বলেন, ‘আমার এখন কারও কাছে যাওয়ার জায়গা থাকল না। কারণ, মালিক অত্যন্ত আবেগপ্রবণ ও অযোগ্য।’ আর জেনারেল নিয়াজির কাছে তো পৌঁছানোই যাবে না। স্পিভাক লিখেছেন, ঢাকায় জাতিসংঘের ভূমিকার ইতি ঘটল কি না, সেটা কেতাবি প্রশ্ন।অননুমোদিত: জেনারেল রাও ফরমান আলীর সৈন্য সরানোর প্রস্তাব মিডিয়ায় প্রকাশ পেয়েছিল। কিন্তু পাকিস্তান সরকারিভাবে তা স্বীকার করেনি। ১১ ডিসেম্বর দুপুরে এপিপি প্রথমে খবর প্রচার করে যে একজন ‘সরকারি মুখপাত্র’ পূর্ব পাকিস্তান থেকে জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো বার্তাকে ‘অননুমোদিত’ বলে নাকচ করে দিয়েছে।