ইয়াহিয়ার বিরুদ্ধে মার্কিন হস্তক্ষেপের সুপারিশ অগ্রাহ্য করেন কিসিঞ্জার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন দমন করতে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলা চালানোর তিন সপ্তাহ আগেই করণীয় সম্পর্কে পরামর্শ পেয়েছিলেন বিতর্কিত মার্কিন নেতা হেনরি কিসিঞ্জার। কিন্তু তিনি তা অগ্রাহ্য করেন।একাত্তরের ৫ মার্চ যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সে বিষয়ে নির্দিষ্ট উপায় বাতলে দিয়েছিলেন দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যোসেফ সিসকো। ১৯৭০ সালে সিরিয়ার জর্ডান আগ্রাসন এবং ১৯৭৪ সালে মিসর ও ইসরায়েলের শান্তি আলোচনার মতো উত্তপ্ত কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।সিসকো কিসিঞ্জারকে এ মর্মে পরামর্শ দিয়েছিলেন যে, ‘পূর্ব পাকিস্তানে শুধু শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পশ্চিম পাকিস্তান সরকারের নেওয়া কোনো পদক্ষেপে হস্তক্ষেপ করা আমাদের স্বার্থের দিক থেকে উচিত হবে না। তবে শক্তি দিয়ে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে দমাতে কোনো সামরিক হস্তক্ষেপের ঘটনায় ব্যাপকভিত্তিক সহিংসতা ও রক্তপাত এড়াতে আমরা অবশ্যই উদ্বিগ্ন থাকব। তখন জরুরি ভিত্তিতে পাকিস্তান সরকারের দ্বারস্থ হওয়ার কথা আমরা বিবেচনায় রাখব। সে ক্ষেত্রে সম্ভবত বৈরিতার অবসান ঘটাতে ব্রিটেন ও জাপানের মতো অন্য বন্ধুদেশগুলোর সঙ্গে মিলিতভাবে উদ্যোগী হব।’ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, কিসিঞ্জার সেদিকে যাননি। বরং পাকিস্তানি বাহিনীর রক্তপাতকে তিনি পাকিস্তানের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে বর্ণনা করেন।একাত্তরের ৫ মার্চ যোসেফ সিসকো হেনরি কিসিঞ্জারকে এক তথ্যস্মারকে জানান, পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতা রোধে পাকিস্তানের সামরিক বাহিনী সম্ভাব্য কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন পাওয়া গেছে পাকিস্তানের মার্কিন দূতাবাস থেকে। দূতাবাসের ধারণা অনুযায়ী, পাকিস্তান সামরিক বাহিনী যদি সিদ্ধান্তে পৌঁছায় যে, দেশের অখণ্ডতা বজায় রাখতে সামরিক হস্তক্ষেপই একমাত্র পথ, তাহলে তারা শক্তি প্রয়োগে প্রস্তুত রয়েছে। ওই স্মারকে বলা হয়, ‘আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হচ্ছে, শক্তি প্রয়োগে বাঙালিদের দমন করার উদ্যোগ নেওয়া হলে তার প্রতি পশ্চিম পাকিস্তানি রাজনীতিক ও জনগণ কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে। দূতাবাস মনে করে, সম্ভবত পূর্ব পাকিস্তানি নেতাদের গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনী যদি দ্রুততার সঙ্গে বিচ্ছিন্নতাবাদ দমনে সক্ষম হয়, তাহলে সাধারণভাবে তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু প্রতিরোধ আন্দোলন যদি প্রলম্বিত হয়, তাহলে পশ্চিম পাকিস্তানের জনগণ শক্তি প্রয়োগ না করে বাঙালিদের নিজেদের পথে যেতে দেওয়াকেই সঠিক মনে করবে।’ ৭ মার্চের ভাষণে মুজিব চূড়ান্ত কোনো মনোভাব দেখাবেন বলেই সব ধরনের ইঙ্গিত মিলছে। মুজিব সম্ভবত এমন একটি ঘোষণা দেবেন, যা হবে স্বাধীনতার শামিল। এর অর্থ হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য একটি পৃথক সংবিধান ও সরকারব্যবস্থা। পশ্চিম পাকিস্তানেও সে রকমেরই একটা ব্যবস্থা থাকবে। আর দুই অংশের মধ্যে একটা শিথিল যোগাযোগ থাকবে। সেটা হতে পারে কমনওয়েলথ কিংবা কনফেডারেশন ধরনের কোনো ব্যবস্থা।সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে বলা হয়, একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন নাকি বিশৃঙ্খলা ও রক্তপাতের আশঙ্কা দেখা দেবে সেটা নির্ভর করছে মুজিবের ঘোষণার প্রতি সামরিক আইন প্রশাসন কী ধরনের প্রতিক্রিয়া দেখায় তার ওপর। বর্তমানে যতটা আলামত মিলছে তার ভিত্তিতে এখন এটা বলা সম্ভব নয় যে, সামরিক বাহিনী কি উপায়ে প্রতিক্রিয়া জানাবে।তবে তারা যে ২৫ মার্চ গণহত্যা শুরু করতে পারে সেই আশঙ্কা মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে ছিল না, তা নয়। কারণ সিসকো লেখেন, ‘যতই সহিংস ও ব্যর্থ হোক না কেন, বিচ্ছিন্নতাবাদ দমনে তারা নিশ্চয় বেপরোয়া পদক্ষেপ নিতে পারে। একটি সমঝোতামূলক সমাধানে ইয়াহিয়া এখন পর্যন্ত হাল ছেড়ে দেননি বলে প্রতীয়মান হচ্ছে। তিনি আজ পশ্চিম পাকিস্তানি নেতা ভুট্টোর সঙ্গে বৈঠক করছেন এবং ৬ মার্চ জাতির উদ্দেশে তাঁর ভাষণ দেওয়ার কথা আছে। আরেকটি প্রতিবেদন বলছে, ৬ মার্চে তিনি ঢাকায় গিয়ে মুজিবের সঙ্গে মিলিত হতে পারেন।’সিসকো কিসিঞ্জারকে অবহিত করেন, ‘আমরা এখন থেকে পূর্ব পাকিস্তানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয়ে তিনটি সম্ভাবনা দেখতে পাই। এক. সামরিক বাহিনী কেবল নিজেদের আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারে। মুজিব যেকোনো ধরনের পদক্ষেপই নেন না কেন, তা তারা বিনা প্রতিবাদে মেনে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার কাজেই নিজেদের সীমাবদ্ধ রাখবে। দুই. পূর্ব পাকিস্তানে বর্তমানে তাদের যতটুকু শক্তি-সামর্থ্য আছে, কেবল সেটুকু ব্যবহার করেই বিচ্ছিন্নতাবাদ দমনে উদ্যোগী হবে। তিন. সর্বোচ্চ শক্তি বৃদ্ধি করে পূর্ব পাকিস্তানে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে অব্যাহতভাবে দমনমূলক পদক্ষেপ গ্রহণ করবে।’ একাত্তরে পাকিস্তানি বাহিনী শেষোক্ত বিকল্পই বেছে নিয়েছিল।