ইয়াহিয়া খান দেড় লিটারের বেশি মদ পান করে বলেছিলেন, ভারতের বিরুদ্ধে তিনি যুদ্ধে যাচ্ছেন। তাঁর মদ্যপানের বিষয়টি একাত্তরের এই দিনে (৪ ডিসেম্বর) ব্যাখ্যা করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ কিটিং। এবং তাও আবার ভারতের পররাষ্ট্রসচিব টি এন কাউলের কাছে। কাউল যাচ্ছিলেন নিউইয়র্কে নিরাপত্তা পরিষদে বক্তব্য দিতে। এ সময় কাউল-কিটিংয়ের কথা হয় দিল্লিতে। কাউল বলছিলেন, সম্ভবত ইয়াহিয়াকে ভারতের ধন্যবাদই জানানো উচিত। কারণ, ৩ ডিসেম্বরে কাশ্মীরে যে যুদ্ধ তিনি শুরু করলেন, তা তিনি অতর্কিতে করেননি। ১০ দিন আগে হুঁশিয়ার করেছিলেন। এটাই প্রমাণ দেয়, পশ্চিম ফ্রন্টে হামলা পূর্বপরিকল্পিত ছিল।১৮৭৩৯ নম্বর এই গোপন তারবার্তাটির দ্বিতীয় পৃষ্ঠার অষ্টম প্যারাগ্রাফে কিটিং ইয়াহিয়ার মাতাল হওয়ার চাঞ্চল্যকর গল্প লেখেন। তাঁর ভাষায়, ‘আমি কাউলকে বললাম, কোন প্রেক্ষাপটে ইয়াহিয়া সতর্ক করেছিলেন, সেটা আমি নিউইয়র্কার পত্রিকার বব শ্যাপলেনের কাছ থেকে শুনেছি। মার্কিন সাংবাদিকতার অন্যতম দিকপাল হিসেবে নন্দিত বব শ্যাপলেন ৭১ বছর বয়সে ১৯৮৮ সালে মারা যান। এই শ্যাপলেনই ইয়াহিয়ার মদের হিসাবটি কষেছিলেন।’কিটিং লিখেছেন, ‘ইয়াহিয়া একটি ককটেল পার্টিতে ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন শ্যাপলেন। সেই পার্টিতে ইয়াহিয়া প্রায় দেড় লিটার অ্যালকোহল পান করেছিলেন। এটা শ্যাপলেনের হিসাব। কিটিং বলেন, শ্যাপলেন ইয়াহিয়ার ওই অবস্থায় তাঁর সাক্ষাৎকার চান এবং তিনি তা দিতে তাৎক্ষণিকভাবে রাজি হন। তখন শ্যাপলেন তাঁকে বলেন আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে তিনি তাঁকে টেলিফোন করবেন। এটা শুনে ইয়াহিয়া বলেন বেশ তো, কিন্তু পরক্ষণেই মত পাল্টান। শ্যাপলেনকে তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যে তিনি যুদ্ধে জড়াতে পারেন। সে কারণে তিনি বরং তার আগেই তাঁর সাক্ষাৎকার নিতে পারেন। এ সময় শ্যাপলেন একা ছিলেন না। অন্য সাংবাদিকেরাও ছিলেন। শ্যাপলেনের মতে, সে কারণেই এই গল্প ছড়িয়ে পড়ে। কাউল আমাকে বললেন, এই হুঁশিয়ারির জন্য ভারতের তরফে শ্যাপলেনকে ধন্যবাদ জানাবেন। ভারত তখনই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল।’ইয়াহিয়া আজই (৪ ডিসেম্বর) উর্দুতে জাতির উদ্দেশে দেওয়া ১০ মিনিটের ভাষণে ইসলাম রক্ষায় পাকিস্তানের ১২ কোটি মুজাহিদকে অস্ত্র তুলে ‘গাজি’ হওয়ার আহ্বান জানান।ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লোকসভায় বলেন, ‘মিডিয়া রিপোর্ট মতে আজ সকালে পশ্চিম পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।’ মার্কিন রাষ্ট্রদূত কিটিং আজ (৪ ডিসেম্বর) জানান, পাকিস্তান বাধ্য না করলে গান্ধী পারতপক্ষে পশ্চিম পাকিস্তানে যুদ্ধ করবেন না। সংসদ আজ জরুরি অবস্থা জারি অনুমোদন ও ডিফেন্স অ্যাক্ট পাস করেছে।কলকাতার মার্কিন কনসাল জেনারেল গর্ডন এক তারবার্তায় জানান, জেনারেল জগজিৎ সিং অরোরা আজ দুপুরে বিনম্র অথচ দৃঢ়তার সঙ্গে কলকাতায় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি বলেন, কিছুক্ষণ আগে যৌথ কমান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। তবে মুক্তিবাহিনী পূর্ব পাকিস্তানের যুদ্ধে নেতৃত্ব দেবে। অরোরার মুখে শেষের বাক্যটি শুনে হাসির রোল পড়ে গিয়েছিল। প্রশ্নের উত্তরে তিনি বলেন, পূর্ব পাকিস্তান দখল নয়, পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করানোই তাঁদের লক্ষ্য। তাঁরা ‘বাংলাদেশে’ জননির্বাচিত সরকার দেখতে চান।সংখ্যাটি ৬০ ছিল?ওয়াশিংটনে আজ যুক্তরাষ্ট্রে ফরাসি দূতাবাসের মিনস্টার দ্য মার্জারি তাঁর প্রথম সচিব বুজনকে নিয়ে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্রিস্টোফার ভ্যান হোলেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ-সংক্রান্ত মূল মার্কিন নথি দেখা সম্ভব হয়েছে। এর বিবরণ এ রকম, ফরাসি মিনস্টার বলেন, পাকিস্তান এখন নিরাপত্তা পরিষদের বৈঠকের পক্ষে। তারা চাইছে নিরাপত্তা পরিষদ এমনভাবে অগ্রসর হোক, যাতে তারা চীন বা সোভিয়েতের ভেটোর কবলে না পড়ে। ভ্যান হোলেন তাঁকে বলেন, ‘এ বিষয়ে মার্কিন নীতি এ পর্যন্ত চারটি বিষয়ের ওপর দাঁড়ানো। তা হলো সংযম, মানবিক সহায়তা, রাজনৈতিকভাবে নিষ্পত্তির উদ্যোগ এবং বৈরিতা পরিহার করানো। আমরা যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার চাইব। আর রাজনৈতিক ক্ষেত্রে জাতিসংঘ মহাসচিবের আগের উদ্যোগের সঙ্গে সংগতিপূর্ণ রেখে তাঁকে ঘিরে একটি সুরাহা চাওয়াও আমাদের অভিপ্রায়।’ ফরাসি দূত এ সময় তাঁকে বলেন, ‘আমাদের সরকার যুদ্ধ এড়াতে গত সপ্তাহে একটি শেষ চেষ্টা চালানোর সিদ্ধান্ত নেয়। দিল্লি ও ইসলামাবাদের রাষ্ট্রদূত দুটি বিষয় নিয়ে অগ্রসর হন—রাজনৈতিক সমাধান ও পাকিস্তান-ভারত বৈরিতার অবসান। ফরাসিদের বাড়তি আরেকটি সুপারিশ ছিল আওয়ামী লীগের সাংসদদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে। তাঁদের আসন ফিরিয়ে দেওয়া হবে এবং ছয় দফার ভিত্তিতে ইয়াহিয়া একটি নতুন সংবিধান প্রণয়ন করবেন। এর বিনিময়ে তাঁরা যেভাবে স্বাধীনতার দাবি তুলেছেন তা থেকে সরে আসবেন।’দিল্লিতে ফরাসি রাষ্ট্রদূত ভারতীয়দের বলেছেন, স্বায়ত্তশাসনের ভিত্তিতে সমাধান মানতে তাঁরা যেন বাংলাদেশের নেতাদের উৎসাহিত করেন। আর পাকিস্তানের রাজনৈতিক পদক্ষেপে সন্তুষ্ট হলে তাঁরা যেন তাঁদের সৈন্য সরিয়ে নেন। উভয় রাজধানীতে তাঁদের এই উদ্যোগ (দিল্লি ও ইসলামাবাদ) দারুণ সৌজন্যের সঙ্গে গৃহীত হয় কিন্তু তাঁদের অবস্থান ছিল নেতিবাচক। পাকিস্তান বলেছে, চলমান ঘটনার সঙ্গে জড়িত রাজনৈতিক বা সামরিক নেতাদের কাছে ফরাসি প্রস্তাব গৃহীত হবে না। দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং প্রস্তাব শুনে বিনয়ের সঙ্গে বললেন, তাঁর সন্দেহ যে তাঁদের প্রস্তাব বাংলাদেশের নেতারা গ্রহণ করেন কি না। ভ্যান হোলেন এ সময় ফরাসি মিনিস্টারের কাছে মার্কিন অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইছে ইয়াহিয়া ও অনুমোদিত আওয়ামী লীগার কিংবা কলকাতার প্রবাসী সরকারের অভিযোগ থেকে মুক্ত থাকা অংশটির মধ্যে বৈঠক করাতে।লক্ষণীয়, ভ্যান হোলেনের বক্তব্য থেকে পরিষ্কার যে স্বাধীনতাকামীদের সঙ্গে ইয়াহিয়ার সংলাপ চায়নি যুক্তরাষ্ট্র। কেনেথ কিটিংয়ের এই গোপন তারবার্তাটি আটটি দেশের আমেরিকান দূতাবাসে পাঠানো হয়েছিল। ভ্যান হোলেন এদিন বলেন, ‘বাংলাদেশ সরকারের কতিপয় সদস্য অবশ্য এ বিষয়ে আগ্রহী ছিলেন। কিন্তু তা কোনো ফল বয়ে আনেনি। এবং আমাদের অবশ্য নির্দিষ্ট ধারণা ছিল যে এ-সংক্রান্ত মার্কিন প্রস্তাবে ভারতীয়রা শীতল মনোভাব দেখাবেন।’উল্লেখ্য, খোন্দকার মোশতাকের নেতৃত্বে কলকতার মার্কিন মিশনের সঙ্গে আঁতাতের কথা ব্যাপকভাবে প্রচারিত রয়েছে। কিন্তু এর সঙ্গে কীভাবে কতজন জড়িত ছিলেন, তা এখনো রহস্যাবৃত। তবে ওই নথিতে আগ্রহী (ইন্টারেস্টেড) শব্দটি পেনসিল দিয়ে কাটা। উল্লিখিত ‘কতিপয় সদস্য’ শব্দের আগে সম্ভবত ৬০ বা কোনো সংখ্যা লেখা হয়েছিল। সেটি টাইপের ক্রস চিহ্নে অস্পষ্ট। এটি স্পষ্ট থাকলে জানা যেত কতজন আওয়ামী লীগার একাত্তরে মার্কিন সমঝোতাসূত্রের পক্ষে ছিলেন। এই তারবার্তায় দেখা যায়, ফরাসি দূত চীনের মনোভাব সম্পর্কেও স্পষ্ট ব্যাখ্যা দেন। তিনি হোলেনকে বলেন, পিকিংয়ে ফরাসি রাষ্ট্রদূত চীনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী চি পেং-ফেইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চি বলেন, পরিস্থিতিতে সামরিক লোকজনের সম্পৃক্ততাকে তাঁরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং এতে তাঁরা ভীষণ বিরক্ত। চি বলেন, ভারতের উসকানিতেই যুদ্ধ বেধেছে। ফরাসি দূত ধারণা দেন, চীন সামরিক সহায়তাসহ সব রকমভাবে পাকিস্তানের পাশে থাকবে। পাকিস্তান ভাঙার চক্রান্তের জন্য চীন ভারতের নিন্দা করে।নয়টি দেশ (চীন ও সোভিয়েত নেই) আজ ৪ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকতে পরিষদের সভাপতির কাছে প্রস্তাব পেশ করেছে। পররাষ্ট্রমন্ত্রী রজার্স আজ এক বিবৃতিতে ‘পূর্ব পাকিস্তানের সীমান্তজুড়ে ভারতীয় সৈন্যদের উপদ্রব’ এবং ‘পশ্চিম পাকিস্তান ও ভারত সামরিক অভিযানে জড়ানোর ঘটনায়’ উদ্বেগ প্রকাশ করেন।