ইয়াহিয়ার ‘রক্তস্নান’ পরিকল্পনায় কিসিঞ্জারের আগাম সম্মতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের এক দিন আগেই হেনরি কিসিঞ্জার সিদ্ধান্ত নিয়েছিলেন, ইয়াহিয়া পূর্ব পাকিস্তানে রক্তস্নান করতে চাইলেও তিনি তাঁকে নিরুৎসাহিত করবেন না। তিনি ইয়াহিয়ার সঙ্গে প্রেসিডেন্ট নিক্সনের ব্যক্তিগত সম্পর্কের সুরক্ষার ওপর গুরুত্ব দেন। এমনকি পূর্ব পাকিস্তান স্বাধীনতার দিকে গেলে তিনি বরং প্রতিপক্ষের হয়েই কথা বলবেন বলেও সাফ জানিয়ে দেন। কিসিঞ্জার এ প্রসঙ্গে ‘আমি হব ডেভিলস অ্যাডভোকেট’ কথাটি ব্যবহার করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা একটি গোপন দলিলে এ তথ্য পাওয়া গেছে।বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার অনেক আগেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা কী হবে, তা নিয়ে ব্যাপকভিত্তিক নীতিনির্ধারণী আলোচনা-পর্যালোচনা চলে। সম্প্রতি মেরিল্যান্ডে অবস্থিত ন্যাশনাল আর্কাইভে এ-সংক্রান্ত মূল নথিপত্র পরিদর্শনকালে এই প্রতিবেদক লক্ষ করেন যে, একাত্তরের ৪ মার্চ কিসিঞ্জারের জন্য ২০ পৃষ্ঠার একটি আকস্মিক সম্ভাবনা সমীক্ষা প্রস্তুত করা হয়েছিল। ২০০৪ সালের ৪ জানুয়ারি সেটি নথি থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। পূর্ব পাকিস্তান পরিস্থিতিতে আমেরিকার অবস্থান নির্দিষ্ট করতে একাত্তরের ৬ মার্চ স্পেশাল রিভিউ গ্রুপের বৈঠক বসেছিল। এতে নিক্সনের জাতীয় নিরাপত্তা সহকারী হেনরি কিসিঞ্জার, নিক্সনের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ইউ অ্যালেক্সিস জনসন, সিআইএর পরিচালক রিচার্ড হেলমস, জেমস এস নোয়েস, ক্রিস্টফার ভ্যান হোলেন ও হ্যারল্ড স্যান্ডার্স অংশ নেন। লক্ষণীয় যে, তাঁরা সবাই একমত হন যে, মুজিব আমেরিকার প্রতি বন্ধুভাবাপন্ন। কিন্তু ভুট্টো পুরোপুরি অবন্ধুসুলভ। এবং ইয়াহিয়া শক্তি প্রয়োগ করে কোনো ফল পাবেন না। পূর্ব পাকিস্তানে সামরিক হস্তক্ষেপ করা হলে তা হবে একটি ব্যর্থ রক্তস্নান।ওই বৈঠকের কার্যবিবরণীতে দেখা যাচ্ছে, হেনরি কিসিঞ্জার এবং অন্যরাও একাত্তরের ২৫ মার্চে ইয়াহিয়ার সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে প্রায় নিশ্চিত ছিলেন। কিন্তু তা সত্ত্বেও মূলত কিসিঞ্জারের চাপে তাঁরা তাঁর বিরুদ্ধাচরণ না করতে মনস্থির করেন। কিসিঞ্জারের বক্তব্যে স্পষ্ট যে, তিনি মুজিবের কাছ থেকে ৭ মার্চে একতরফা স্বাধীনতা ঘোষণার পথে নয়, একটা আপসমূলক ভূমিকা দেখতে উদগ্রীব ছিলেন।অধ্যাপক আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ৭ মার্চের ঠিক আগে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যোসেফ ফারল্যান্ড ঢাকায় মুজিবের সঙ্গে সাক্ষাৎ করেন। ফারল্যান্ড মুজিবকে বলেন, তিনি একতরফা স্বাধীনতার ঘোষণা দিলে যুক্তরাষ্ট্র তা সমর্থন করবে না। এ তথ্য তাজউদ্দীন আহমদ পরে আনিসুজ্জামানকে বলেছিলেন। ৬ মার্চে অনুষ্ঠিত ওই বৈঠকের পাঁচ পৃষ্ঠার কার্যবিবরণী সামান্য কমিয়ে নিচে তুলে ধরা হলো।জনসন: এটা পূর্ব-প্রাচ্য (বৈশ্বিক) কিংবা একটি যুক্তরাষ্ট্র-সোভিয়েত বা একটি যুক্তরাষ্ট্র-ভারত বিরোধে জড়িয়ে পড়ার বিষয় নয়। একটি অবিভক্ত পাকিস্তানের মধ্যেই সোভিয়েত, ভারতীয় এবং আমরা সবাই আমাদের অভিন্ন স্বার্থ দেখি। পাকিস্তান ভেঙে গেলে তা থেকে আমাদের লাভের কিছু মিলবে না। কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মুজিব যদি ৭ মার্চে স্বাধীনতার একতরফা ঘোষণা দেন এবং আমাদের কাছে এসে বলেন, স্বাধীনতার প্রতি আমাদের মনোভাব কী, তখন আমাদের একটা প্রকৃত ইস্যু মোকাবিলা করতে হবে। এবং ইয়াহিয়া যদি পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে শক্তি প্রয়োগ করেন, তাহলে তাঁর প্রতি আমাদের মনোভাব কী হবে, সেটা হবে আরেকটি মুখ্য বিষয়। শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা সম্মত যে, একটি রক্তস্নান হবে। এবং পশ্চিম পাকিস্তান তা নিয়ন্ত্রণ করতে পারবে বলে কোনো আশা থাকবে না। সে ক্ষেত্রে আমাদের স্বার্থ হবে যত তাড়াতাড়ি সম্ভব রক্তস্নান বন্ধ করা। মুজিব নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। তিনি আমাদের প্রতি বন্ধুপরায়ণ। পশ্চিম পাকিস্তানে রয়েছেন ভুট্টো, যিনি আমাদের প্রতি সম্পূর্ণরূপে অবন্ধুসুলভ। আমি প্রস্তাব করছি, মুজিব যদি আমাদের কাছে প্রস্তাব রাখেন, তাহলে তাঁর কথা আমরা শুনব। কিন্তু কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকব। আমরা পাকিস্তানের অখণ্ডতা দেখতে চাইব। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে ন্যূনতম রক্তপাত ও ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে যাতে বিভক্তিটা ঘটে, সেই চেষ্টা করব। একদিকে মুজিবকে শীতল মনোভাব দেখানো, অন্যদিকে তাঁকে উৎসাহিত করা—এমন একটি শক্ত রশির ওপর দিয়ে হাঁটতে চলেছি আমরা। ভ্যান হোলেন: মুজিবের সামনে বিকল্পগুলো হচ্ছে: একতরফা স্বাধীনতার ঘোষণা। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি আলাদা সংবিধানের ভিত্তিতে আপস কিংবা ২৫ মার্চের ডাকা জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান।কিসিঞ্জার: মুজিব যদি তৃতীয় বিকল্প বেছে নেন, তাহলে অন্তত কিছু সময়ের জন্য বিদেশ নীতির সমস্যা থেকে বেঁচে যাই। একতরফা স্বাধীনতা ঘোষণার বিষয়ে তিনি কি সিদ্ধান্তে পৌঁছাতে পারেন?ভ্যান হোলেন: পূর্ব পাকিস্তানের যা পরিস্থিতি এবং ইয়াহিয়ার ভাষণ ব্যাখ্যা করলে মনে হয় একটি কট্টরপন্থা আসন্ন।কিসিঞ্জার: আমরা সবাই একমত যে, (ইয়াহিয়ার জন্য) শক্তি প্রয়োগ কোনো কাজ দেবে না। ভ্যান হোলেন: হ্যাঁ। আমাদের হিসাবে রাখতে হবে যে, সামরিক বাহিনী একটি অযৌক্তিক কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে।স্যান্ডার্স: ইয়াহিয়া বলেছেন, তিনি পাকিস্তানের দাফনে ইমামতি করবেন না। কিসিঞ্জার: ইয়াহিয়া ঢাকাকে ধরে রাখতে চাইতে পারেন।জনসন: কিন্তু এটা সেই পরিস্থিতি নয়, যেখানে শক্তি প্রয়োগ কোনো সমাধান দেবে। কিসিঞ্জার: মুজিব যদি তৃতীয় বিকল্প (সংসদে যোগদান) বেছে নেন। তাহলে আমরা এই সমস্যা মূল্যায়নে তিন সপ্তাহ সময় পাব। দ্বিতীয় বিকল্প (দ্বৈত সংবিধান) কি চাপানো হবে? ভ্যান হোলেন: তাহলে তো সময় পাওয়া যাবে।কিসিঞ্জার: আমাদের সমস্যার উদ্ভব ঘটবে তখনই, মুজিব যদি প্রথম কিংবা দ্বিতীয় বিকল্প বেছে নেন। যদি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তাহলে (যুক্তরাষ্ট্রের পক্ষে) পূর্ব পাকিস্তানকে স্বীকৃতি দেওয়াটা কঠিন হবে। অন্য সমস্যা হচ্ছে, শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমাদের অবস্থান কী হবে?জনসন: যদি একতরফা স্বাধীনতা/স্বায়ত্তশাসন ঘোষণা এবং পশ্চিম পাকিস্তান যদি তা গ্রহণ না করে শক্তি প্রয়োগ করে, আমি মনে করি তখন আমাদের উচিত হবে শক্তি প্রয়োগকে নিরুসাহিত করা।কিসিঞ্জার: কেন? আমাকে ‘ডেভিলস অ্যাডভোকেট’ (প্রতিপক্ষের প্রতিনিধি অর্থে) হিসেবে খেলতে দিন। কেন আমাদের কিছু বলতেই হবে?জনসন: তারা যদি শক্তি প্রয়োগ করে তাহলে বিরাট গোলযোগ আমাদের দেখতে হতে পারে। সেটা সংক্ষিপ্ত হলে সমস্যা নেই। যদি তা প্রলম্বিত হয়, তখন প্রশ্ন দেখা দেবে, ভারতীয়রা তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে কি না।কিসিঞ্জার: কিন্তু আমরা কী করতে পারি? ইয়াহিয়াকে কি আমরা বলব, তিনি যা করতে চলেছেন আমরা তা অনুমোদন করি না? জনসন: আমরা মনে করি, এ পরিস্থিতিতে আমাদের অগ্রণী ভূমিকায় যাওয়া ঠিক হবে না। ব্রিটিশ চাইলে করতে পারে।হেলমস: আমেন!কিসিঞ্জার: আমাদের দ্বারা হস্তক্ষেপ নিজেদের জন্য পরাজয় ডেকে আনবে। আমি কল্পনা করার চেষ্টা করছি যে, আমরা কীভাবে তা বন্ধ করতে পারি। জনসন: আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সামান্যই প্রভাব রয়েছে। ভ্যান হোলেন: পশ্চিম পাকিস্তানে ব্যাপকভিত্তিক সন্দেহ রয়েছে যে, আমরা পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতাকে উৎসাহিত করছি।কিসিঞ্জার: আমি নিশ্চিত যে, প্রেসিডেন্ট নিক্সন ইয়াহিয়ার সঙ্গে কথা বলতে (এই উপায়ে) নিরুৎসাহিত করবেন। কারণ, ইয়াহিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। জনসন: এর উদ্দেশ্য হবে শক্তি প্রয়োগকে নিরুৎসাহিত করা।কিসিঞ্জার: কোনোভাবেই কি ইয়াহিয়া ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন? ভ্যান হোলেন: তিনি পশ্চিম পাকিস্তানের ক্ষমতায় থেকে যেতে পারেন। (ভাঙনের পরও) কিসিঞ্জার: ইয়াহিয়া এখন মুজিব এবং ভুট্টোকে বিরত রাখতে পারেন। ইয়াহিয়ার সঙ্গে আমাদের প্রেসিডেন্টের সম্পর্ককে অবশ্যই সুরক্ষা দিতে হবে। হস্তক্ষেপ করাটা হবে অবিজ্ঞচিত।জনসন: এমনটা কি কেউ বিশ্বাস করেন যে, ইয়াহিয়ার প্রতি আমাদের কোনো আবেদন এ পরিস্থিতিতে কোনো পার্থক্য বয়ে আনবে? (নীরবতা) হেলমস: এটা হবে একটি পারিবারিক ফ্লাইটে আরোহণ করা। কিসিঞ্জার: আমরা ভুট্টোকে কোনো অজুহাত (আমাদের দোষারোপ করার) দেখানোর সুযোগ দিতে চাই না। ভ্যান হোলেন: ব্রিটিশরা সম্ভবত সামনে আসতে না-ও চাইতে পারে। যদিও আমাদের চেয়ে পাকিস্তানের সঙ্গে তাদের প্রীতিটা বেশি। কিসিঞ্জার: আমার প্রশ্ন হলো, কোনো উচ্চমাত্রার আবেগময় পরিস্থিতিতে আমাদের রাষ্ট্রদূতের কাছে কোনো বার্তা পাঠালে তা আমাদের জন্য সবচেয়ে নিকৃষ্ট ফল বয়ে আনবে। আমি ভাবতে পারি না যে, আমরা বলছি বলেই পাকিস্তানিরা তার প্রতি কোনো পাত্তা দেবে।হেলমস: আমি একমত। যতদূর সম্ভব আমাদের দূরে থাকার নীতি গ্রহণ করতে হবে। কিসিঞ্জার: মুজিবের ভাষণ যদি অত্যন্ত আপসমূলক না হয়, তাহলে আমরা এখানেই আজকের আলোচনা শেষ করি। কাল আবার কথা বলব। মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দেন তাহলে আমরা স্বীকৃতিদানের প্রশ্নের মুখোমুখি হব?জনসন: প্রথম স্বীকৃতিদাতাদের মধ্যে আমরা থাকব না। কিসিঞ্জার: তৃতীয় বিকল্পের ক্ষেত্রে সমীক্ষায় প্রস্তাব করা হয়েছে যে, ভারতীয়দের সঙ্গে আলোচনা করার। সেটা করা আমাদের আদৌ কি উচিত হবে? যদি ভারতীয় সামরিক হস্তক্ষেপের হুমকি দেখা দেয়, তখন আমরা তাদের নিবৃত্ত থাকতে পরামর্শ দিতে পারি।ভ্যান হোলেন: আমাদের মূল্যায়ন হচ্ছে, ভারতীয় সম্পৃক্ততার বিষয়ে ক্ষীণ সম্ভাবনা রয়েছে।কিসিঞ্জার: এটা এমন এক পরিস্থিতি নয়, যেখান থেকে (আমাদের দ্বারা হস্তক্ষেপ) আমরা কিছু লাভ করতে পারি। সেটা বরং আমাদের সমালোচনা করার জন্য পশ্চিম পাকিস্তানিদের কাছে একটা অজুহাত তুলে দেব। জনসন: এ পরিস্থিতিতে আসলে দরকার হচ্ছে ব্যাপকভাবে উদাসীন থাকা। হেলমস: দারুণভাবে নিষ্ক্রিয় থাকাটাই হবে সঠিক নীতি।কিসিঞ্জার: চীনা সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এতটাই ক্ষীণ যে, এটা আলোচনারই যোগ্য নয়। আমি ধারণা করি, এটা এই সমীক্ষায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা কেবলই বুদ্ধিবৃত্তিক ভারসাম্যের জন্য। ভ্যান হোলেন: সুড়ঙ্গের শেষ মাথায় যেতে সেটাই হবে সঠিক পন্থা। যদি রক্তস্নান অব্যাহত থাকে, তাহলে আমরা ওই ধরনের বিকল্পের কথা বিবেচনা করতে পারি। জনসন: আমরা নিশ্চয় এই পর্যায়ে নিষেধাজ্ঞা ব্যবহার করতে চাই না। কিসিঞ্জার: আমরা কাল কথা বলব। মুজিবের ভাষণ শোনার পরে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে নেব। তবে লক্ষ্য থাকবে কোনো প্রকারের পদক্ষেপ গ্রহণ না করা।