ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াংয়ের পদত্যাগ
ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং প্রতিষ্ঠানটির সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তাঁর পদত্যাগের কথা জানানো হয় বলে বিবিসি অনলাইন জানিয়েছে। পেপালের নির্বাহী স্কট থমসনকে ইয়াহুর নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়ার দুই সপ্তাহ পর জেরি ইয়াং প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করলেন। ইয়াহু জাপান ও আলীবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড থেকেও পদত্যাগ করেছেন জেরি ইয়াং। ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এই পদত্যাগ দ্রুত কার্যকর হবে। ১৯৯৫ সালে ডেভিড ফিলো ও জেরি ইয়াং যৌথভাবে এই অনলাইন প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। ২০০৭ সালের জুন থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত ইয়াং ইয়াহুর প্রধান নির্বাহী ছিলেন। ইয়াহুর চেয়ারম্যান রয় বসটককে লেখা এক চিঠিতে ইয়াং লিখেছেন, ‘ইয়াহুর বাইরে গিয়ে আমার অন্য কাজ করার সময় এসেছে।’ইয়াহু থেকে পদত্যাগ করলেও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পর্ষদের প্রতি জেরি ইয়াং তাঁর সমর্থন ব্যক্ত করেছেন।