ইয়েমেন উপকূলে নৌকা ডুবে নিহত ৪৩, নিখোঁজ ৪০
ইয়েমেনের দক্ষিণ উপকূলে দুটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৪৩ ব্যক্তি নিহত হয়েছে এবং অপর ৪০ জন নিখোঁজ রয়েছে। এদের সবাই ভাগ্যান্বেষণে অবৈধ উপায়ে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঢোকার চেষ্টায় সাগর পাড়ি দিয়েছিল। গতকাল সোমবার ইয়েমেনের কর্মকর্তারা জানিয়েছেন। ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির কোস্টগার্ডের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও নিখোঁজ যাত্রীদের অধিকাংশই ইথিওপিয়ার নাগরিক। তারা অবৈধভাবে নৌপথে ইয়েমেনে আসছিল। ইয়েমেনের কোস্টগার্ড জানায়, প্রবল বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে নৌকা দুটি ডুবে যায়।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৬ জন যাত্রী নিয়ে প্রথম নৌকাটি ইয়েমেনের তেজ প্রদেশের দক্ষিণ উপকূলে ডুবে যায়। দ্বিতীয় নৌকাটি প্রায় ৪০ জন যাত্রী নিয়ে লাহিজ প্রদেশের উপকূলেভাগে ডুবেছে। এ নৌকাডুবি থেকে মাত্র তিনজন সোমালীয় নাগরিক বেঁচে গেছে। তবে এ ঘটনা কখন ঘটেছে, সে সম্পর্কে ইয়েমেনের কর্মকর্তারা স্পস্টভাবে কিছু জানাননি। প্রতিবছর বিপুলসংখ্যক আফ্রিকান নাগরিক অবৈধভাবে নৌপথে ইয়েমেনে প্রবেশ করে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে, ২০০৯ সালে প্রায় ৭৪ হাজার আফ্রিকান অবৈধভাবে ইয়েমেনে প্রবেশ করে। বিবিসি, রয়টার্স।