ইয়েমেনি আল-কায়েদার বিমান হামলার ষড়যন্ত্র ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনি আল-কায়েদার বড় ধরনের বোমা হামলার ষড়যন্ত্র নস্যাত্ করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রথম বর্ষপূর্তিতে এই হামলা চালানোর কথা ছিল। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইন এ খবর জানিয়েছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানে পোশাকের ভেতরে লুকিয়ে রাখা বোমা ফাটানোর যে ষড়যন্ত্র ব্যর্থ হয়, নতুন হামলার ষড়যন্ত্রটি ছিল এরই উন্নত সংস্করণ।মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানায়, এই বিস্ফোরণে যে যন্ত্রটি ব্যবহার হওয়ার কথা ছিল, তা এখন মার্কিন গোয়েন্দাদের তত্ত্বাবধানে রয়েছে। এর কারিগরি ও ফরেনসিক দিকগুলো পরীক্ষা করা হচ্ছে। তবে এই বোমা হামলার ষড়যন্ত্র ব্যর্থ হওয়া পর্যন্ত কোনো লক্ষ্যবস্তু ঠিক করা হয়নি। কেনা হয়নি সন্দেহ করার মতো বিমানের টিকিট। সম্ভাব্য হামলাকারীর বিষয়েও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার বাড়ি ইয়েমেনে বলে জানা গেছে। এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, বিদেশে আমাদের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের ঘনিষ্ঠ সহযোগিতায় সন্ত্রাসী হামলায় ব্যবহারের লক্ষ্যে তৈরি উন্নত মানের বিস্ফোরক যন্ত্র বিদেশেই জব্দ করা হয়েছে। গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই সম্ভাব্য হামলার বিষয়ে জানানো হয়। এরপর তিনি এ ধরনের হামলা প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।