ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০
ইয়েমেনের রাজধানী সানায় একটি পুলিশ একাডেমির বাইরে গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। নিরাপত্তা ও চিকিত্সা কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন ও রয়টার্সে প্রকাশিত খবরে এ তথ্য জানানো গেছে।ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল কাদের কাহতান রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই হামলায় ২২ জন মারা গেছেন বলে দাবি করেছিলেন।পুলিশ জানায়, নিহত সবাই ওই পুলিশ একাডেমির প্রশিক্ষণার্থী ছিলেন। গতকাল তাঁরা ক্লাস শেষে একাডেমি থেকে বেরিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদার স্থানীয় শাখা এ হামলা চালাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সানায় গত মে মাসে একই ধরনের আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ৯০ জনেরও বেশি সেনাসদস্য নিহত হন।