ইয়েমেনে আল-কায়েদার দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের সামরিক বাহিনীর সদস্যরা আল-কায়েদার আরব উপদ্বীপের (একিউএপি) দ্বিতীয় সর্বোচ্চ নেতা সাইদ আল-শেহরিকে হত্যা করেছে। ওই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আজ সোমবার এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, সেনাসদস্যরা পূর্ব ইয়েমেনের প্রত্যন্ত অঞ্চল হাদরামাউত প্রদেশে অভিযান চালিয়ে সৌদি নাগরিক শেহরিসহ আরও ছয় জঙ্গিকে হত্যা করেন। তবে ওই খবরে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। সৌদি আরব ও ইয়েমেনে সক্রিয় আল-কায়েদার শাখা একিউএপি বিভিন্ন সময় যাত্রীবাহী বিমানসহ অন্যান্য আন্তর্জাতিক স্থাপনায় হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এই সংগঠনকে আল-কায়েদার সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে উল্লেখ করেছে। এই সংগঠনের সদস্যদের ওপর বিভিন্ন সময় মনুষ্যবিহীন বিমান (ড্রোন) হামলা চালানো হয়েছে। রয়টার্স।