ইয়েমেনে আল-কায়েদার হামলায় নিহত বেড়ে ১০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গতকাল রোববার আল-কায়েদা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা ১০৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৭৮ জন সরকারি সেনা ও ২৫ জন জঙ্গি। ইয়েমেনের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের অনলাইন এ খবর প্রকাশ করেছে।গতকাল ইয়েমেনের দক্ষিণাঞ্চলের আবইয়্যান প্রদেশের মিলিশিয়া-নিয়ন্ত্রিত জিনজিবার শহরের কাছে ওই হামলার ঘটনা ঘটে। এতে সরকারি সেনা ও আল-কায়েদার জঙ্গিসহ ১০৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন একজন চিকিত্সা কর্মকর্তা। তবে সামরিক এক কর্মকর্তার বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানায়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ছাড়া হামলায় উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন।গত বছর থেকেই আবইয়্যান প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে ইসলামপন্থীরা। তখন থেকেই নিরাপত্তা বাহিনী তাদের সঙ্গে লড়াই করে চলছে। ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে প্রেসিডেন্ট আবদ্রাবুহ মনসুর হাদি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময়ে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো হয়েছে। এসব হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করেছেন ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী।