ইয়েমেনে আহত বিক্ষোভকারীর মৃত্যু
ইয়েমেনে পুলিশের গুলিতে আহত একজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে হাসপাতালের এক কর্মকর্তা আজ বুধবার এ খবর জানিয়েছেন।চিকিত্সকেরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ইয়েমেনে ৮০ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থাকে জানায়, পুলিশ ও সাদা পোশাকে থাকা নিরাপত্তা এজেন্টরা গতকাল বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সানা বিশ্ববিদ্যালয়ের সামনে চলমান বিক্ষোভে সরকারবিরোধীদের যোগদানে বাধা দেওয়ার চেষ্টা করে।তবে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা দাবি করেছে, আদিবাসী এক নেতার অনুসারী বন্দুকধারীরা গতকালের গোলাগুলির জন্য দায়ী। সাবা আরও দাবি করেছে, গোলাগুলিতে তিনজন বিক্ষোভকারী ও তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ বন্দুকধারীদের ধরতে অভিযানে নেমেছে।তিউনিসিয়া ও মিসরের সফল গণ-আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সরকারবিরোধীরা কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনে বিক্ষোভ করছে। বিক্ষোভে প্রায় ৩০ জন নিহত হয়। বিক্ষোভকারীরা দেশের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনের অবসানেরও দাবি জানাচ্ছে।