‘জুতা ছাড়া পালাতে হবে সালেহকে’
ইয়েমেনে উপজাতি নেতাকে গ্রেপ্তারের নির্দেশ, সংঘর্ষে নিহত ৭২
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ দেশটির বিরোধী উপজাতি নেতা শেখ সাদেক আল আহমারকে গ্রেপ্তারের নির্দেশ নিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।রয়টার্স জানিয়েছে, গতকাল রাতভর রাজধানী সানায় সরকারি সেনা ও উপজাতি নেতা আহমারের অনুগত বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। ইয়েমেনের রাজধানী সানার একটি অস্ত্র সংরক্ষণাগার এলাকায় গতকাল রাতে এক বিস্ফোরণে ২৮ ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া গত তিন দিনে রাজধানীতে সংঘর্ষে ৭২ জন নিহত হয়েছে।বার্তা সংস্থা রয়টার্স ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিটির বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ সশস্ত্র বিদ্রোহ করার অভিযোগে বিরোধী উপজাতি নেতা শেখ সাদেক আল আহমার ও তাঁর নয় ভাইকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।বিরোধী উপজাতি নেতা শেখ সাদেক আল আহমার ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সঙ্গে কোনো সমঝোতা নয়। তিনি একজন মিথ্যাবাদী। তাঁকে জুতা ছাড়া ইয়েমেন থেকে পালাতে হবে।’এদিকে যুক্তরাষ্ট্র তাদের ইয়েমেন দূতাবাসের অপরিহার্য নন, এমন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত সে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে।