ইয়েমেনে গৃহযুদ্ধের আশঙ্কা সালেহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ বলেছেন, তিনি ক্ষমতা ছাড়বেন না। একই সঙ্গে তিনি দেশটিতে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন টাইম ও ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেছেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। বিরোধীদের হামলায় আহত হয়ে সৌদি আরবে তিন মাস চিকিত্সা শেষে গত সপ্তাহে সালেহ ইয়েমেনে ফেরেন। তিনি দেশে ফিরে আবারও উপসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যস্থতায় ক্ষমতা হস্তান্তর চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানিয়েছেন। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা পরিবর্তন প্রক্রিয়া বিলম্বিত করার জন্য তিনি বিরোধীদের দোষারোপ করেছেন। সালেহ সতর্ক করে বলেন, ‘আমরা যদি ক্ষমতা হস্তান্তর করি এবং সেখানে যদি বিরোধীরা থাকে, তার মানে আমরা অভ্যুত্থানে ক্ষমতা ছাড়লাম।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি ক্ষমতা হস্তান্তর করি এবং বিরোধীরা তাদের অবস্থানে বহাল থাকে, তারাই যদি সিদ্ধান্ত নেয়, তবে তারা ভয়ংকর হয়ে উঠবে। এটা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে।’