ইয়েমেনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৭
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে গতকাল মঙ্গলবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে সাত ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ২২ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে।শহরটিতে প্রেসিডেন্ট আবদুল্লাহ আলী সালেহ-বিরোধীরা এখনো তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। সালেহ সরকারের সঙ্গে আর কোনো আলোচনা না করার ঘোষণা দিয়েছেন বিরোধীরা।প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে, শহরের চারটি অংশের স্থানীয় অধিবাসীরা এ হামলার শিকার হয়। সালেহ অনুগত সেনা ও পুলিশ বাহিনী তাইজ শহরের পাহাড়, নিরাপত্তা ব্যূহ, আল তাওরা হাসপাতাল ও ফ্রিডম স্কোয়ার থেকে গোলা নিক্ষেপ করেছে। গতকাল রাতেও এ হামলা অব্যাহত ছিল।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, বিরোধী যোদ্ধারা এ হামলার সূত্রপাত ঘটিয়েছে। এতে চার সেনা আহত হয়েছে।রাজধানী সানা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাইজ শহর অবস্থিত। এটি অন্যতম শক্তিশালী সরকারবিরোধী এলাকা বলে পরিচিত। দেশটিতে গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলন চলছে।