ইয়েমেনে নির্বাচন ২১ ফেব্রুয়ারি
ক্ষমতা হস্তান্তরে বিরোধী পক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল শনিবার দেশে ফিরেছেন। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পাওয়া ভাইস প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদী আগামী বছরের ২১ ফেব্রুয়ারি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। তবে এর আগে গত বুধবার বিরোধীদের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তিনি চুক্তি স্বাক্ষর করেন। সালেহ দীর্ঘ ৩৩ বছর ইয়েমেন শাসন করার পর ভাইস প্রেসিডেন্ট হাদীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যের চতুর্থ শাসক হিসেবে গণদাবির মুখে পদ ছাড়তে বাধ্য হচ্ছেন সালেহ। তাঁর পদত্যাগের দাবিতে গত ১০ মাস ধরে আন্দোলন চালিয়েছে বিক্ষোভকারীরা।ভাইস প্রেসিডেন্ট হাদী ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিতে ইয়েমেনবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সুপ্রিম কমিশন ফর ইলেকশন অ্যান্ড রেফারেন্ডামের অধীনে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। চুক্তি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট হাদীকে তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচিতদের নতুন সরকার গঠনে সহায়তা করতে দায়িত্ব দেওয়া হয়েছে।নির্বাচনের তারিখ ঘোষণার পর হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, চুক্তি বাস্তবায়নে সামনের দিনগুলোতে সরকারি ও বিরোধীপক্ষকে একযোগে কাজ করতে সর্বশক্তি নিয়োগ করা জরুরি। যুক্তরাষ্ট্র সব পক্ষকেই সহিংসতা থেকে বিরত থাকতে এবং ক্ষমতা হস্তান্তর যেন শান্তিপূর্ণ ও স্বাভাবিক প্রক্রিয়ায় হয়, সে দিকটিতে লক্ষ রাখতে বলেছে।