ইয়েমেনে প্রেসিডেন্ট নির্বাচন আজ
ইয়েমেনে আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।এ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়েমেনে আলী আবদুল্লাহ সালেহর ৩৩ বছর শাসনের সমাপ্তি ঘটবে। সালেহ সরকারের ভাইস প্রেসিডেন্ট আবদ্রাব্বুহ মনসুর হাদি এ নির্বাচনের একমাত্র প্রার্থী।এদিকে ইয়েমেনে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করার জন্য মনসুর হাদিকে ভোট দেওয়ার জন্য গতকাল সোমবার দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল্লাহ সালেহ। তবে নির্বাচনে সালেহর প্রচ্ছন্ন প্রভাব থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যেকোনো ধরনের সহিংস এড়াতে নির্বাচন কেন্দ্রগুলোতে এক লাখ ৩০ হাজার সেনা নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মেদ ইয়াহিয়া।গত এক বছর ধরে ইয়েমেনে চলমান সরকারবিরোধী সহিংস আন্দোলনের পর দেশটিতে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে গতকাল সোমবারও দেশটির দক্ষিণাঞ্চলের একটি নির্বাচন কেন্দ্রে সহিংস আন্দোলনে একজন নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।