ইয়েমেনে ফিরলেন প্রেসিডেন্ট সালেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ সৌদি আরবে চিকিত্সা শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গত জুন মাসে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর বিরোধীদের বোমা হামলার শিকার হন সালেহ এবং তাঁর বেশ কয়েকজন সহযোগী। এরপর আহত প্রেসিডেন্ট সালেহ চিকিত্সার জন্য সৌদি আরবে যান।সালেহর দেশে ফিরে আসার খবরে রাজধানী সানায় সরকারি বাহিনী ও বিরোধী উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। শহরে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিরোধীরা সালেহকে ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে।ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, প্রেসিডেন্ট সালেহ আজ সকালে নিরাপদে দেশে ফিরেছেন। চিকিত্সার জন্য তিন মাসেরও বেশি সময় তিনি রিয়াদে ছিলেন।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, সানার সামরিক বাহিনীর বিমানবন্দর এলাকার রাস্তাঘাট আজ সকালে বন্ধ করে দেওয়া হয়। ৩৩ বছর ধরে দেশটির ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট সালেহ। আরব জাগরণের অংশ হিসেবে চলতি বছরের শুরুর দিকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন দানা বাঁধে। নিরাপত্তা বাহিনী সরকারবিরোধীদের দমনে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।