ইয়েমেনে বিক্ষোভকারীদের শিবিরে পুলিশের অভিযান, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের পুলিশ রাজধানী সানায় বিক্ষোভকারীদের অস্থায়ী শিবিরে আজ শনিবার ভোরে অভিযান চালিয়েছে। এতে অন্তত একজন নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শী ও চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থাকে জানায়, অভিযানে পুলিশ লাঠিসোঁটা, ছুরি ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সরকারবিরোধীরা ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের ৩২ বছরের শাসনের অবসানের দাবিতে কয়েক সপ্তাহ ধরে ওই অস্থায়ী শিবিরগুলোতে অবস্থান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে।চিকিত্সকেরা জানিয়েছেন, পুলিশ চিকিত্সক দলকে শিবিরে ঢুকতে বাধা দেয়। এক চিকিত্সক বলেন, ‘মাথায় গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছে। আমরা ধারণা করছি, অভিযানে প্রায় ৩০০ বিক্ষোভকারী আহত হয়।’ প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, তারা গোলাগুলির শব্দও শুনেছে। একজন বিক্ষোভকারী জানায়, পুলিশ গণহত্যা চালানোর মতো করে বিক্ষোভকারীদের ওপর আক্রমণ চালিয়েছে। পোশাক পরে ও সাদা পোশাকধারী হয়ে অভিযানে অংশ নেয়। তারা বিক্ষোভকারীদের দিকে টিয়ারগ্যাস ও গুলি ছোড়ে। এ ছাড়া কিছু বিক্ষোভকারীকে রাস্তার দিকে ধাওয়া করে।তিউনিসিয়া ও মিসরে সফল গণ-আন্দোলনে অনুপ্রাণিত হয়ে ইয়েমেনের সরকারবিরোধীরা প্রেসিডেন্টের পদত্যাগ ও রাজনৈতিক সংস্কারের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচনী সংস্কারের ঘোষণা দিয়েছেন। তবে বিক্ষোভকারী প্রেসিডেন্টের ওই ঘোষণা প্রত্যাখ্যান করে তাঁর পদত্যাগের দাবিতে অটল রয়েছে।