ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের হাতে ১ সেনাসদস্য নিহত, অপহূত ২
বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত আক্রমণে দক্ষিণ ইয়েমেনের লাহেজ প্রদেশের জাদা এলাকায় গতকাল শনিবার বিকেলে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এর আগে সরকারের হাতে আটক দুই নেতার মুক্তির দাবিতে বিচ্ছিন্নতাবাদীরা একই এলাকা থেকে সেনাবাহিনীর দুই সদস্যকে অপহরণ করে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।এডেন নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, বিচ্ছিন্নতাবাদীরা আটক নেতাদের মুক্তির জন্য সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এ সময়ের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে সেনাসদস্যদের জীবনের ব্যাপারে তারা দায়ী থাকবে না।গত সপ্তাহে সন্দেহভাজন আল-কায়েদার আত্মঘাতী হামলাকারীরা ব্রিটিশ রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টা করার পর সানায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের কর্মকর্তাদের রাজধানীর গুরুত্বপূর্ণ মুভেনপিক হোটেলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।ইয়েমেনভিত্তিক আল-কায়েদার আঞ্চলিক শাখা ২০০০ সালে এডেন পোতাশ্রয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ কোলে আক্রমণসহ বেশ কয়েকবার পশ্চিমা টার্গেটে হামলা হামলা চালায়। জাহাজের ওই আক্রমণে অন্তত ১৭ জন মার্কিন নৌসেনা নিহত হন।দলটি গত বছরের আগস্ট মাসে সৌদি আরবে অনুতপ্ত জঙ্গি হিসেবে এক আত্মঘাতী বোমা হামলাকারীকে পাঠায়। কিন্তু ওই হামলাকারী অল্পের জন্য সৌদির সন্ত্রাসবিরোধী প্রধান প্রিন্স মোহাম্মাদ বিন নায়েফকে হত্যা করতে ব্যর্থ হন।গত সোমবার সকালে ব্রিটিশ রাষ্ট্রদূত টিম টরলট দূতাবাসে যাওয়ার পথে ২২ বসর বয়সী এক আত্মঘাতী বোমা হামলাকারী তাঁর গাড়িবহরে হামলা চালান। এ সময় ওই হামলাকারী নিহত হন এবং তিন ব্যক্তি আহত হন।সমুদ্রপথের কারণে ইয়েমেনের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। দেশটির দক্ষিণ এলাকার বিচ্ছিন্নতাবাদীরা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের শাসনের বিরোধিতা করায় ওই এলাকায় অস্থিরতা বিরাজ করছে।