ইয়েমেনে বিমান হামলায় ধর্মীয় নেতা নিহত
আল-কায়েদার ইয়েমেনভিত্তিক শাখার সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন বংশোদ্ভূত ধর্মীয় নেতা আনোয়ার আল-আওলাকি নিহত হয়েছেন।আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়েছে। তবে, ধর্মীয় এই নেতা মার্কিন চালকবিহীন বিমান হামলায়, নাকি ইয়েমেনি সৈন্যদের হাতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় বেশ কয়েকজন সঙ্গীসহ আওলাকি নিহত হন। একটি সূত্র জানায়, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে ওই বিমান হামলার ঘটনা ঘটে। জানা গেছে, আওলাকি ২০০৭ সালের ডিসেম্বর থেকে ইয়েমেনে অবস্থান করছিলেন। তাঁর জঙ্গি কার্যক্রমের কারণে যুক্তরাষ্ট্র তাঁকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছিল। তা ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বেশ আগেই আওলাকিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। গত মে মাসে আওলাকিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র চালকবিহীন বিমান হামলা চালালেও সেই যাত্রায় বেঁচে যান আওলাকি। ইয়েমেন কর্তৃপক্ষ অবশ্য এর আগে দাবি করেছিল, মার্কিন বিমান হামলায় আওলাকির মৃত্যু হয়েছে ২০০৯ সালের শেষের দিকেই। পরে আবারও কথা উঠেছিল, ২০১০ সালের নভেম্বরে মার্কিন বিমান হামলায় তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার এক বছর যেতে না যেতেই আজ আবারও বিমান হামলায় তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হলো।