ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন ও ব্রিটিশ দূতাবাস গতকাল রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে। দূতাবাস দুটি পৃথক বিবৃতিতে এ কথা জানায়। ইয়েমেনে অবস্থানরত সব মার্কিন নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। স্পেনও আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার সানায় তাদের দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।গতকাল মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আজ (৩ জানুয়ারি) দূতাবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে। ইয়েমেনে মার্কিন স্বার্থে আল-কায়েদার হামলার অব্যাহত হুমকির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাসটি আবার কবে খোলা হবে, সে ব্যাপারে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।ওয়াশিংটনে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড কাউন্টার টেররিজমবিষয়ক উপদেষ্টা জন ব্রেনান সিএনএনকে বলেন, ‘এমন আভাস রয়েছে যে আল-কায়েদা সানায়; বিশেষ করে মার্কিন দূতাবাসে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। এ অবস্থায় মার্কিন কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব ব্যবস্থা নেব। তাই দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’একইভাবে ব্রিটিশ দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে দূতাবাসটি গতকাল রোববার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, দূতাবাসটি আজ সোমবার খোলা থাকবে কি না, এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে আল-কায়েদার ওয়েবসাইটে বড়দিন উপলক্ষে মার্কিন বিমানে হামলাচেষ্টার দায়িত্ব স্বীকার করে হুমকি দিয়ে বলা হয়, ইয়েমেনের মার্কিন দূতাবাসসহ মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালানো হবে।এদিকে সানায় স্পেনের দূতাবাসও আজ ও কাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস সূত্রের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদে স্পেনীয় পত্রিকার খবরে এ কথা বলা হয়।মার্কিন দূতাবাসটি বন্ধ ঘোষণার মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া অভিযানের প্রধান জেনারেল ডেভিড পেত্রাউস ইয়েমেন সফর করেন। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সঙ্গে বৈঠক করেন। এ সময় পেত্রাউস জানান, আল-কায়েদা জঙ্গিদের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চলতি বছর ইয়েমেনে সন্ত্রাসবাদবিরোধী মার্কিন সহায়তা দ্বিগুণ করা হবে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শনিবার তাঁর সাপ্তাহিক ভাষণে বলেন, বড়দিন উপলক্ষে মার্কিন বিমানে হামলার চেষ্টায় আল-কায়েদার হাত ছিল। প্রসঙ্গত, ওই হামলা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা নাইজেরিয়ার নাগরিক উমর ফারুক (২৩) মার্কিন গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন, তিনি ইয়েমেনে আল-কায়েদার শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন।