ইয়েমেনে মার্কিন দূতাবাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসের চত্বরে আজ বৃহস্পতিবার অতর্কিতে প্রবেশ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা সেখানে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর এখনো জানা যায়নি।যুক্তরাষ্ট্রে নির্মিত একটি ইসলামবিরোধী চলচ্চিত্রের প্রতিবাদে মুসলিম বিক্ষোভকারীরা এই হামলা চালান। খবর রয়টার্সের । যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রটি নিয়ে মুসলিম বিশ্বে আলোচনা, সমালোচনার ঝড় উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কিন দূতাবাসের চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। পুলিশ গুলি ছুড়েও তাঁদের ঠেকাতে পারেনি। তাঁরা জোর করেই দূতাবাসের চত্বরে ঢুকে পড়েন। মার্কিন কর্মকর্তারা আজ জানান, তাঁরা সন্দেহ করছেন যে লিবিয়ায় মার্কিন দূতাবাসের ওপর হামলার ঘটনায় কোনো জঙ্গি বা জিহাদি দল জড়িত থাকতে পারে। এর আগে গত মঙ্গলবার রাতে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপ-দূতাবাস ভবনে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসের গাড়িতে রকেট হামলা চালান বিক্ষোভকারীরা। এতে রাষ্ট্রদূতসহ চারজন নিহত হন। হামলার পরে বেনগাজির মার্কিন মিশনে আগুন ধরিয়ে দেওয়া হয় ও মার্কিন পতাকা পোড়ানো হয়। এদিকে মিসরের কায়রোতেও বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।