ইয়েমেনে রাজনৈতিক সংলাপের আহ্বান করেছে নিরাপত্তা পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে সংকট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইয়েমেন সরকারকে বিক্ষোভকারীদের ওপর আক্রমণাত্মক আচরণ না করার অনুরোধ করেছে নিরাপত্তা পরিষদ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গতকাল মঙ্গলবার জার্মানির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইয়েমেন সংকট নিরসনে প্রথম কোনো আলোচনা অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ওই রুদ্ধদ্বার আলোচনা কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের অনেক দূত তাঁদের সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে নিরাপত্তা পরিষদ ইয়েমেন বিষয়ে কোনো কার্যকর বিবৃতি দিতেও ব্যর্থ হয়েছে। আলোচনা ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের কর্মকর্তারা দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন।নিরাপত্তা পরিষদের আলোচনা ভেস্তে যাওয়ার পর জার্মান রাষ্ট্রদূত পিটার উইটিগ বলেছেন, ‘আমরা ইয়েমেন বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির অবস্থা নাজুক হয়ে পড়ছে। আমরা ইয়েমেন সরকারকে সহিংসতা থেকে বিরত থাকতে বলছি। একই সঙ্গে দেশটির রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসতে অনুরোধ করেছি।’এদিকে উপসাগরীয় দেশগুলোর সমন্বয়ে গঠিত মধ্যস্থতাকারী দল ইয়েমেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে আবুধাবিতে ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলোচনা করেছে। সভা শেষে মধ্যস্থতাকারী দল সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আলোচনা গঠনমূলক হয়েছে। ইয়েমেনে গত তিন মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছে। বিক্ষোভে এ পর্যন্ত অনেক হতাহতের ঘটনা ঘটেছে।