ইয়েমেনে শিগগিরই সুখবর পাব: কারমান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ইয়েমেনে গণতন্ত্র প্রতিষ্ঠায় পদত্যাগ না করে দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। ইয়েমেনের গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য বিশ্বও এগিয়ে আসেনি। এই ব্যর্থতার দায়ভার বিশ্ববিবেকের। গতকাল শনিবার শান্তিতে নোবেল পুরস্কার নেওয়ার সময় মানবতাকর্মী তাওয়াক্কুল কারমান এ কথা বলেন। অসলোতে ৩২ বছর বয়সী এই সাংবাদিক পুরস্কার নেওয়ার পর বলেন, সালেহ আগামী ফেব্রুয়ারির মধ্যে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেও তিনি সরে দাঁড়াবেন বলে মনে হচ্ছে না। সালেহ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠিলে দিতে চাইছেন বলে মন্তব্য করেন তিনি।

অসলোতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে কারমান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি সালেহ ও তাঁর পরিবার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্থ জব্দ না করে, তাহলে তিনি (সালেহ) ইয়েমেনকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ায় নেতৃত্ব দেবেন।ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে কয়েক মাসের শান্তিপূর্ণ বিক্ষোভে অবদান রাখার জন্য নরওয়ের নোবেল কমিটি কারমানকে এ বছর শান্তি পুরস্কারে ভূষিত করে। শান্তিতে কামরানের সঙ্গে যৌথভাবে লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ এবং লাইবেরিয়ার সমাজকর্মী লেমাহ বোয়িই এ পুরস্কার পান। নোবেল কমিটির প্রধান থর্বজোয়ার্ন জাগল্যান্ড বলেন, ‘আরব বিশ্বে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এ পরিবর্তনের হওয়ায় কোনো একনায়ক বেশি দিন টিকে থাকতে পারবেন না।’চলতি বছর তিউনেশিয়া, মিসর ও লিবিয়ায় গণতন্ত্রকামী মানুষের বিদ্রোহের মুখে ক্ষমতায় থাকা নেতারা ক্ষমতাচ্যুত হন।সালেহ ৩৩ বছর ধরে ক্ষমতায় আছেন। গত মাসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে পদত্যাগের এক চুক্তি সই করেন সালেহ। আর এই চুক্তি কার্যকর হলে তিনিই হবেন আরব বিশ্বের পদত্যাগী চতুর্থ শাসক। নয় মাসেরও বেশি সময় ধরে দেশটিতে সালেহর শাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। জাগল্যান্ড বলেন, ‘মানুষের মুক্তি এবং মানবাধিকারের দাবি প্রতিরোধ করার ক্ষমতা কেবল প্রেসিডেন্ট সালেহর নয়, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদেরও নেই।’ইয়েমেন ও সিরিয়ার নেতারা, যাঁরা তাঁদের ক্ষমতা ধরে রাখার জন্য লোকজনকে হত্যা করছেন, তাঁদের অবশ্যই মনে রাখতে হবে, স্বাধীনতা ও মানবাধিকারের জন্য যুদ্ধ কখনো থেমে যায় না। কারমান বলেন, তিনি নিশ্চিত, সালেহ বারবার ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করলেও শুধু শান্তিপূর্ণ বিপ্লবই তাঁকে সরিয়ে দিতে পারে।শান্তি পুরস্কার পাওয়া এই নারী সাংবাদিক বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ইয়েমেনের জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। তারা আর দেরি করবে না। আর আমরা খুব শিগগিরই একটি সুখবর শুনতে পাব। ’