ইয়েমেনে শুক্রবার গণবিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা
ইয়েমেনের সরকারবিরোধী গ্রুপগুলো আগামী শুক্রবার রাজধানী সানাতে প্রেসিডেন্ট প্রাসাদের অভিমুখে গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। তারা সবাইকে এ কর্মসূচিতে অংশ নিতে আহ্বানও জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার এ তথ্য জানিয়েছে।বিরোধীদের মুখপাত্র মোহাম্মদ কাহতান আজ আল-জাজিরা টেলিভিশনকে বলেন, আগামী শুক্রবার হবে ‘গণবিক্ষোভের শুক্রবার’। এ দিন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শত শত লোক রাজপথে অবস্থান নেবে।ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনের অবসান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিরোধীরা সাত সপ্তাহ ধরে রাজপথে বিক্ষোভ করছে। নিরাপত্তা বাহিনী এ বিক্ষোভ দমনে গত শুক্রবার সহিংস অভিযান চালায়। এতে অন্তত ৫২ জন নিহত হয়। সহিংস অভিযানের প্রতিবাদে মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করেন। এরপর গত রোববার প্রেসিডেন্ট মন্ত্রিসভা বরখাস্ত করেন। এ ছাড়া সামরিক বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অনেক গোষ্ঠীপ্রধান ও কূটনীতিক সালেহর পক্ষ ত্যাগ করেন।