ইয়েমেনে সরকারবিরোধী উপজাতিদের ওপর বিমান হামলা
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনী গতকাল শুক্রবার সরকারবিরোধী উপজাতিদের দমনে বিমান হামলা করেছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানার বাইরে উত্তর-পূর্বাঞ্চলের নাহাম উপশহরে সরকারবিরোধী হাসিদ উপজাতির শক্ত ঘাঁটিতে হেলিকপ্টার ও এমআইজি জঙ্গি বিমান দিয়ে হামলা চালানো হয়েছে।সালেহ-বিরোধী হাসিদ উপজাতির লোকজন নাহাম উপশহরের সরকারি তল্লাশি কেন্দ্রে হামলা ও দখলের পর এ বিমান হামলা শুরু হয় বলে ইয়েমেন পোস্ট পত্রিকার সম্পাদক হাকিম আল মাসমারি দাবি করেন। বিমান হামলায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বলে হাসিদ উপজাতির নেতারা দাবি করেছেন।উপজাতি নেতা শেখ সাদিক আল আহরাম গতকাল শুক্রবার বলেছেন, ‘প্রেসিডেন্ট সালেহ যদি শান্তিপূর্ণ বিপ্লব চান, আমরা তাঁর জন্য প্রস্তুত আছি। আর তিনি যদি যুদ্ধ বেছে নেন, তবে আমরা যুদ্ধ করব।’