ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৮ উপজাতি সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল মঙ্গলবার সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র উপজাতিদের সংঘর্ষে কমপক্ষে ৩৮ ব্যক্তি নিহত হয়েছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল রাজধানী সানায় সরকারি বাহিনী ও উপজাতীয় নেতা সাদিক আল আহমারের অনুগত বাহিনীর মধ্যে তুমুল গুলিবিনিময় হয়।দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সংঘর্ষে ১৪ জন সরকারি সেনা নিহত এবং ২০ জন নিখোঁজ রয়েছে। এক চিকিত্সা কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের তথ্যানুযায়ী গতকালের সংঘর্ষে ২৪ উপজাতি সদস্য নিহত হন। সংঘর্ষের জন্য সরকার উপজাতি নেতা সাদিক আল আহমারের অনুগত বাহিনীকে দায়ী করে। ইয়েমেনে গত কয়েক মাস ধরে চলতে থাকা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ-বিরোধী বিক্ষোভে উপজাতি নেতা সাদিক আল আহমার সমর্থন দিয়েছেন। গত সোমবারও উভয় পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।