ইয়েমেনে হামলায় সেনাপ্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের বন্দরনগর এডেনে একটি আত্মঘাতী বোমা হামলায় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান নিহত হয়েছেন। তাঁর নাম মেজর জেনারেল সালেম আলী কাতান। আল কায়েদা-সমর্থিত জঙ্গিদের দক্ষিণাঞ্চল থেকে উচ্ছেদ করার এক দিন পর আজ সোমবার এই হামলার ঘটনা ঘটল। কাতানের মৃত্যুতে প্রমাণিত হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চল এখনো যথেষ্ট অস্থিতিশীল। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাতানের গাড়িতে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে কাতান ও আরও দুজন সেনা নিহত হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় আরও ১২ জন আহত হন। তাঁদের মধ্যে নয়জন ছিলেন সেনা। হামলাকারী সোমালিয়ার নাগরিক বলে জানা গেছে। তবে তাঁর সম্বন্ধে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলার পর ঘটনাস্থলের আশপাশের এলাকা রক্তে ভেসে যায়। রয়টার্স জানায়, প্রায় ৬০ মাইল দীর্ঘ তেল পরিবহনের পথে এডেনের সঙ্গে সংযুক্ত বিভিন্ন এলাকায় আল-কায়েদার তত্পরতা সম্প্রতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ওই এলাকাগুলোর অন্যতম আবিয়ান প্রদেশ। জানা গেছে, ইয়েমেনি সেনাবাহিনীর পুনর্বিন্যাস পরিকল্পনার পক্ষে অন্যতম সোচ্চার ব্যক্তি ছিলেন কাতান। সালেহর ভাগ্য নির্ধারণের সময় এ নিয়ে বিভেদ সৃষ্টি হয়। বর্তমান প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি তাঁকে দক্ষিণাঞ্চলীয় সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পরও সালেহ অনুগত সেনাদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয়। কাতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হাদির দপ্তরের এক কর্মকর্তা। তিনি বলেন, কাতানের মৃত্যুতে ইয়েমেন ও সন্ত্রাসবিরোধী যুদ্ধ—দুটোই ক্ষতিগ্রস্ত হলো।