ইয়েমেনে ৩ শহরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। গতকাল বুধবারের এ ঘটনায় শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। দেশটির তিনটি শহরে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল রাজধানী সানায় মন্ত্রিপরিষদ ভবন অভিমুখী হাজারও বিক্ষোভকারীর ওপর নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করে। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং শতাধিক আহত হয়। দেশটির চিকিত্সা কর্মকর্তারা বলছেন, প্রাণহানির সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া তাইজ শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন এবং দামার শহরে একজন নিহত হয়েছে। এসব এলাকায়ও অনেক বিক্ষোভকারী আহত হয়।প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের পদত্যাগের দাবিতে গত কয়েক মাস ধরে ইয়েমেনে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভে এ পর্যন্ত ১৪০ জন নিহত হয়েছে।