ইয়েমেনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ বাসিন্দওয়া
ইয়েমেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সরকারবিরোধী পক্ষের নেতা মোহাম্মদ বাসিন্দওয়ার নাম ঘোষণা করা হয়েছে। গত কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পরিসমাপ্তি ঘটানোর লক্ষ্যেই এক চুক্তির অধীনে এ নাম ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, মোহাম্মদ বাসিন্দওয়া ১৯৯৩ থেকে ’৯৪ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বিরোধী দলে যোগ দেন। দেশটিতে অবস্থানরত সুন্নি মতাবলম্বীদের মতে, শিয়া বিদ্রোহী ও সুন্নি ইসলামপন্থীদের মধ্যে চলমান এ সহিংসতা বারবার ইয়েমেনকে অস্থির করে তুলছে। সহিংসতায় ইতিমধ্যে দেশটির উত্তরাঞ্চলে ছয় বিদেশিসহ ২৫ জন নিহত হয়েছে। ক্ষমতা হস্তান্তর চুক্তি অনুযায়ী বিচার থেকে দায়মুক্তির আশ্বাসের পরিপ্রেক্ষিতে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বিরোধীদের সঙ্গে ক্ষমতা হস্তান্তর চুক্তি সই হয়। আর এ চুক্তির অধীনেই বাসিন্দওয়া নতুন সরকার গঠন করবেন।হাদি ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। ৩৩ বছরের সালেহ শাসনের অবসানের দাবিতে গণতন্ত্রীপন্থীদের ১০ মাস ধরে চলা বিক্ষোভের পরিসমাপ্তি ঘটাতে সরকারবিরোধীদের সঙ্গে একটি চুক্তি হয়। আর এ চুক্তিকে যদি উপসাগরীয় রাষ্ট্রগুলো সমর্থন জানায়, তাহলে গণবিক্ষোভের মুখে মধ্যপ্রাচ্যে চতুর্থ শাসক হিসেবে সালেহের পতন ঘটবে। রয়টার্স।