ইয়েমেনের টেলিভিশনে প্রেসিডেন্ট সালেহ, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদের হামলায় গুরুতর আহত হয়ে সৌদি আরবে চিকিত্সারত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আগে ধারণকৃত ওই ভিডিওতে সালেহ জানিয়েছেন, তিনি ক্ষমতা ভাগাভাগি করতে প্রস্তুত রয়েছেন।আবদুল্লাহ সালেহ গত ৩ জুন ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর এক বোমা হামলায় গুরুতর আহত হন। পরিবারের অন্য সদস্যদের নিয়ে চিকিত্সার উদ্দেশ্যে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে যান। এরপর তাঁর স্বাস্থ্যগত অবস্থা ও ইয়েমেনে ফেরার বিষয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর এই প্রথম তাঁকে টেলিভিশনে দেখা গেল।টেলিভিশনে প্রচারিত দৃশ্যে সালেহর মুখমণ্ডলের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তাঁর বাহু ও হাতে ভারী ব্যান্ডেজ দেখা গেছে। সংক্ষিপ্ত ভাষণে সালেহ বলেন, ‘আমরা রাষ্ট্র পরিচালনায় সবার অংশগ্রহণের বিরোধী নই। বিরোধী কিংবা সরকারি যে দলই হোক না কেন, আমরা সব রাজনৈতিক শক্তির সঙ্গে ক্ষমতা ভাগাভাগির পক্ষে। তবে তা হবে জনগণের সম্মতির ভিত্তিতে।’সালেহ আরও বলেন, যাঁরা তাঁকে ক্ষমতাচ্যুত করতে চান, তাঁরা গণতন্ত্র বোঝেন না। সংবিধানের আওতায় ক্ষমতা ভাগাভাগিতে প্রস্তুত আছেন বলে তিনি ঘোষণা দেন। ইয়েমেনের প্রেসিডেন্ট জানান, রিয়াদের হাসপাতালে তাঁর আটটি সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁর শরীর পুড়ে গেছে। আতিথেয়তার জন্য তিনি সৌদি বাদশাহ আবদুল্লাহকে ধন্যবাদ জানান।গত কয়েক মাস ধরে ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিরোধীরা সালেহর এই ভাষণ নাকচ করে দিয়েছেন। তাঁদের দাবি, এ ভাষণে নতুনত্ব বলে কিছু নেই।