ইয়েমেনের প্রেসিডেন্ট সৌদি আরবে
বিদ্রোহীদের হামলায় আহত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ও অন্য কর্মকর্তারা চিকিত্সার জন্য সৌদি আরব গেছেন। প্রেসিডেন্টের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও আছেন। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।সৌদি বাদশাহর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে আজ রোববার বলা হয়েছে, ‘ইয়েমেনের আহত প্রেসিডেন্ট ও তাঁর কয়েকজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা চিকিত্সার জন্য সৌদি আরব এসেছেন।’ রয়টার্স জানিয়েছে, একটি সামরিক বিমানে করে সালেহ সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেন। তবে বিবিসি জানিয়েছে, তিনি সৌদির একটি চিকিত্সা বিমানে করে রিয়াদে আসেন।আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, ভাইস প্রেসিডেন্ট আবিদ রাব্বু মনসুর হাদি (Abd-Rabbu Mansour Hadi) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছেন। গত শুক্রবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতর একটি মসজিদে নামাজ আদায় করার সময় বিদ্রোহীদের হামলায় সালেহসহ তাঁর সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তা আহত হন। এ ঘটনার এক দিন পর তিনি সৌদি আরব গেলেন। তবে গতকাল খবর ছড়িয়ে পড়ে প্রেসিডেন্ট সালেহ ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে গেছেন। তখন সরকারের পক্ষ থেকে এ খবর নাকচ করে দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট সালেহ রিয়াদে তাঁকে বহনকারী বিমান থেকে হেঁটে নেমেছেন। তাঁর মুখমণ্ডল, ঘাড় ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। রিয়াদে আসার পর দ্বিতীয় আর একটি ইয়েমেনের বিমানে সালেহর পরিবারের ৩৫ জন সদস্য এসেছেন বলে রয়টার্স জানিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সালেহ খুব সম্ভবত ইয়েমেনে আর ফিরবেন না।