ইয়েমেনের প্রেসিডেন্টের দেশে ফেরার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল মঙ্গলবার বলেছেন, তিনি শিগগিরই সৌদি আরব থেকে দেশে ফিরবেন। সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। সালেহ তাঁর সমর্থকদের বলেছেন, ‘আপনারা আমাকে শিগগিরই সানায় দেখবেন।’গত জুনে নিজ বাসভবনে বিরোধীদের হামলার শিকার হন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। গুরুতর আহত অবস্থায় তিনি তাঁর পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে চিকিৎসার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে যান। সম্প্রতি তিনি রিয়াদের সামরিক হাসপাতাল থেকে ছাড়া পান। এরপরই আবদুল্লাহ সালেহ দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করলেন। সালেহ দেশে ফিরবেন না বলেই এত দিন বিরোধীরা মনে করছিলেন। কিন্তু তাঁর এ ঘোষণা বিরোধীদের মধ্যে নতুন করে বিক্ষোভ ও উত্তেজনা তৈরি করেছে। রয়টার্স জানিয়েছে, টেলিভিশনে সালেহকে আগের তুলনায় বেশ সুস্থ ও ফুরফুরে দেখা গেছে। আরব জাগরণের পরিপ্রেক্ষিতে ইয়েমেনেও সরকারবিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে। বিরোধীরা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের শাসনের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছে।