ইয়েমেনের সরকার ও উপজাতি নেতা যুদ্ধবিরতিতে সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ও বিরোধী উপজাতি নেতা শেখ সাদিক আল আহমার গতকাল শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। আজ রোববার সকাল থেকে উভয়পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে দেশটির সরকারি কর্মকর্তা ও উপজাতি নেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রেসিডেন্ট সালেহ ও বিরোধী হাসিদ উপজাতি নেতা আল আহমারের অনুগত বাহিনীর মধ্যে একটানা পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর উভয়পক্ষ যুদ্ধবিরতি পালন করতে সম্মত হয়। এ সংঘর্ষে এখন পর্যন্ত ১২৪ ব্যক্তি নিহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, আমাদের মধ্যে একটি চুক্তি হয়েছে। আগামীকাল (আজ) সকাল থেকে তা কার্যকর হবে।’হাসিদ উপজাতি নেতারাও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এক উপজাতি মধ্যস্থতাকারী জানিয়েছেন, উভয়পক্ষ তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সরকার ও বিরোধী হাসিদ উপজাতি নেতা শেখ সাদিক আল আহমারের মধ্যে এই যুদ্ধবিরতির ফলে দেশটি সম্ভাব্য গৃহযুদ্ধের হাত থেকে আপাতত রক্ষা পেল।