ইয়েমেনের হুদায়দা শহরে পুলিশের হামলায় চার শতাধিক আহত
ইয়েমেনের হুদায়দা শহরে আজ সোমবার নিরাপত্তা বাহিনীর হামলায় চার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে। বিক্ষোভকারীরা শহরটিতে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে চাইলে পুলিশ গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। প্রত্যক্ষদর্শী ও চিকিত্সকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। শহরের বাসিন্দারা বার্তা সংস্থাটিকে বলেছেন, গতকাল রোববার তায়েজ শহরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে হুদায়দা শহরে এ বিক্ষোভের আয়োজন করা হয়। গতকালের ওই বিক্ষোভে দুজন নিহত ও কয়েক শ বিক্ষোভকারী আহত হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ হুদায়দা শহরের বিক্ষোভে এক হাজারের মতো সরকারবিরোধী অংশ নেয়। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, তারা আজ ভোরে হঠাত্ প্রাদেশিক ভবনের সামনে জড়ো হয়। এরপর প্রেসিডেন্ট প্রাসাদের দিকে রওনা দেয়। তবে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের থামিয়ে দেয়। এ ছাড়া সাদা পোশাকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়।স্থানীয় একটি হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, নয়জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ এবং ৩৫০ জন কাঁদানে গ্যাসের কারণে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছেন। এ ছাড়া সাদা পোশাকধারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাথর নিক্ষেপে প্রায় ৫০ জন আহত হয়েছে। হুদায়দা শহরসহ ইয়েমেন জুড়ে কয়েকটি প্রেসিডেন্ট প্রাসাদ রয়েছে। তবে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ অধিকাংশ সময়ই রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদে থাকেন। সংবাদ সংস্থাটি আবার নিউইয়র্ক টাইমস পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে, ওবামা প্রশাসন সালেহর ব্যাপারে অবস্থান পরিবর্তন করেছে। ওবামা প্রশাসন এখন মনে করছে, সালেহর পদত্যাগ করা উচিত।